রায়ের ৭ মাস পরও মেলেনি তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলগুলোর দেওয়া আয়-ব্যয়ের তথ্য চেয়ে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) ২০১৩ সালের ১২ জুন নির্বাচন কমিশনে আবেদন করে। কিন্তু কমিশন তথ্য দেওয়া থেকে বিরত থাকে। এর বিরুদ্ধে ২০১৪ সালে তথ্য কমিশনে তিন দফা আপিল করে সুজন। তথ্য কমিশন ইসির পক্ষে রায় দেয়। তথ্য কমিশনের রায়ের বিরুদ্ধে ওই বছর হাইকোর্টে যায় সুজন। ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি উচ্চ আদালত রায়ে বলেন, রাজনৈতিক দলের আয়-ব্যয়ের তথ্য কমিশনের দিতে কোনো বাধা নেই।

তথ্য চেয়ে সুজনের এই লড়াই চলে ৩২ মাস। উচ্চ আদালত রায় ঘোষণার সাত মাস পরও ওই তথ্য পায়নি সুজন। বলা হচ্ছে, হাইকোর্টের রায়ের কপি এখনো কমিশনে আসেনি। কপি দেখে তথ্য দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমন পরিস্থিতিতে আজ বুধবার দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

আদালত সূত্র ও সুজনের আইনজীবী তামিম হোসেইন বলেছেন, ওই রায় স্থগিত করতে কোনো আবেদন করা হয়নি। ফলে ওই রায়ই বহাল আছে। অবশ্য রায়ের কপি প্রকাশ করা হয়নি।

আদালতের রায়ে বলা হয়, দেশের যেকোনো নাগরিক নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জানতে চাইলে নির্বাচন কমিশন (ইসি) তা জানাতে পারবে। ইসির এ জন্য সংশ্লিষ্ট দলের সম্মতি লাগবে না।

জানতে চাইলে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, রায়ের পর তথ্য পাওয়ার জন্য তাঁরা আর কমিশনে যাননি। তবে রায়ের পর এই তথ্য পাওয়ার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের বলা হয়েছে, রায়ের কপি না পাওয়ায় তথ্য দেওয়া যাচ্ছে না। কপি পেলে দেওয়া হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, আইন অনুযায়ী আওয়ামী লীগ দলের আয়-ব্যয়ের হিসাব কমিশনে দেয়। হিসাব দেওয়ার ক্ষেত্রে তাঁর দল কমিশনকে কোনো কন্ডিশন দেয়নি, এই তথ্য দিয়ে কী করা যাবে কী করা যাবে না। আর আদালতের রায় তো মানতেই হবে। এখানে আওয়ামী লীগের কোনো বক্তব্য নেই, কমিশনের সিদ্ধান্তের ব্যাপার।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনে করেন, দলে স্বচ্ছতা থাকা দরকার। দলের তথ্য মানুষের জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে তাঁর মতে, শুধু দলে নয়, সব ক্ষেত্রেই স্বচ্ছতা থাকা দরকার। আয়-ব্যয়ের হিসাব চেয়ে একজন সাংবাদিক নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু নির্ধারিত ২০ কার্যদিবস পার হলেও তিনি তথ্য পাননি। আনুষ্ঠানিকভাবে তাঁকে কিছু জানানোও হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে কমিশন রায়ের একটি কপি পাওয়ার চেষ্টা করছে।

টেলিফোনে দুজন নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বললে তাঁরা বলেছেন, আদালতের রায়ের কপি তাঁদের হাতে না আসা পর্যন্ত এ নিয়ে তাঁরা কোনো মন্তব্য করবেন না। আগেও এ নিয়ে মন্তব্য করেননি।