রায়েরবাজার কমিউনিটি সেন্টারটি বন্ধ দীর্ঘদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশির দশকে নির্মিত রায়েরবাজার কমিউনিটি সেন্টারটি দীর্ঘদিন ধরে বন্ধ। ভাড়া নিতে এসে মানুষ ফিরে যাচ্ছে। সংস্কারকাজ শুরু হয়েছিল, তবে শেষ হয়নি।
রায়েরবাজারের শেরেবাংলা সড়কে অবস্থিত কমিউনিটি সেন্টারটি। গত মঙ্গলবার দেখা যায়, বাইরে থেকে সবকিছু চকচক করছে। নতুন গেট, ভবনটিও পরিচ্ছন্ন। মোজাম্মেল মৃধা কমিউনিটি সেন্টারে ১৬ বছর ধরে মালি ও দারোয়ানের কাজ করছেন। তিনি বলেন, ‘অনেক দিন ধইরা বন্ধ। কাজ ধরছিল, কিন্তু শেষ হয় নাই। মানুষ আইসা ফিরা যায়।’
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান বলেন, কমিউনিটি সেন্টারটি অনেক দিন ধরেই বন্ধ। দক্ষিণ সিটি করপোরেশনের এই কমিউনিটি সেন্টারের ভাড়াও তুলনামূলক কম। এলাকার মানুষেরা নানা প্রয়োজনে ভাড়াও নিতেন। কিন্তু বন্ধ থাকায় এলাকার লোকজনের অনেক বেশি ভাড়ায় বেসরকারি কমিউনিটি সেন্টারগুলোয় যেতে হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিস কমিউনিটি সেন্টারের দোতলায়। কাউন্সিলর আবু তাহের খান বলেন, ‘আমি কমিশনার হওয়ার আগে থেকেই এটা বন্ধ। আবার টেন্ডার হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার দেখেও গেছেন। শিগগিরই চালু হয়ে যাবে।’
স্থানীয় এক দোকানদারসহ কয়েকজন বললেন, যাঁরা বেশি খরচ কুলাতে পারতেন না, তাঁরা এটা ভাড়া নিতেন। কিন্তু এখন সবাই পাশের ধানমন্ডি পার্টি সেন্টারে যায়। এখানে বিয়েশাদি ছাড়া রাজনৈতিক দলের বিভিন্ন অনুষ্ঠানও হতো। তিনতলা এ কমিউনিটি সেন্টারে এসি লাগানো হয়েছে। মোজাম্মেল মৃধা বলেন, সংস্কারের পর এখন হাজারখানেক মানুষের আয়োজন করা সম্ভব। যিনি এর তত্ত্বাবধানে আছেন, তিনি মাঝে মাঝে এসে দেখে যান।
ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান বলেন, রায়েরবাজার কমিউনিটি সেন্টারটি এক বছর ধরে বন্ধ। জেলা পরিষদের অধীনে সংস্কারকাজ হয়েছে। এখন সিঁড়ি ও রান্নাঘরের কিছু কাজ বাকি আছে। তবে এ কাজগুলো ডিএনসিসির অধীনেই হবে। চালু হতে পারে দু-তিন মাসের মধ্যে।