রায়েরবাজার বধ্যভূমির মর্মস্পর্শী প্রতীকী উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুর টাউন থিয়েটার রায়েরবাজার বধ্যভূমি প্রতীকীভাবে তুলে ধরে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। ছবিটি গতকাল ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার টাউন থিয়েটার চত্বর থেকে তোলা l প্রথম আলো
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুর টাউন থিয়েটার রায়েরবাজার বধ্যভূমি প্রতীকীভাবে তুলে ধরে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। ছবিটি গতকাল ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার টাউন থিয়েটার চত্বর থেকে তোলা l প্রথম আলো

কচুরিপানা, ঘাস, ইটের গুঁড়া ও কাঠের গুঁড়া দিয়ে তৈরি করা হয়েছে ডোবার মতো একটি জায়গা। তার মধ্যে এলোমেলোভাবে পড়ে রয়েছে লাশ। লাশগুলো আমাদের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের।
এভাবেই ‘স্মৃতিতে অম্লান রায়েরবাজার বধ্যভূমি-১৯৭১’-এর প্রতীকী উপস্থাপন করে ফরিদপুরের প্রাচীনতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান টাউন থিয়েটার। গতকাল বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে সকাল পৌনে ১০টার দিকে শহরে টাউন থিয়েটারের মিলনায়তনের সামনের সড়কে এ অনুষ্ঠান হয়। প্রদীপ জ্বালিয়ে ও কালো পর্দা উন্মোচন করে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশগুলোর নামকরণ করা হয় মুনীর চৌধুরী, শহীদুল্লা কায়সার, জ্যোতির্ময় গুহঠাকুরতা, আলতাফ মাহমুদ, গোবিন্দ চন্দ্র দেব, সেলিনা পারভীন, আনোয়ার পাশা, মেহেরুন্নেসা প্রমুখ শহীদ বুদ্ধিজীবীর নামে। প্রতীকী ওই বধ্যভূমিতে একটি ছেলে ও একটি মেয়ে প্রদীপ জ্বালিয়ে খুঁজে বের করার চেষ্টা করেন। পৌনে এক ঘণ্টার এ মর্মস্পর্শী উপস্থাপনায় জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি।
অনুষ্ঠানে এ উপস্থাপনার পাশাপাশি মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন সংস্কৃতিকর্মী সিরাজ ই কবীর, অবু সুফিয়ান চৌধুরী ও জাহাঙ্গীর মাহমুদ। দেশাত্মবোধক গান পরিবেশন করেন গৌরব বাগচী, ইতি নাগ, পলাশ বিশ্বাস ও শিব শঙ্কর মণ্ডল।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘১৯৭১ সালে যারা এ দেশে এ নারকীয় ঘটনা ঘটিয়েছে, তাদের ক্ষমা করার সুযোগ নেই। কেননা সব অপরাধের ক্ষমা হয় না। তা ছাড়া এসব ঘাতককে সব সময় দেখতে হবে আলাদা চোখে। এদের আমাদের সমাজের আর দশজনের মতো দেখা ঠিক হবে না।’