রায়েরবাজার বেড়িবাঁধে ফিটনেসবিহীন যানবাহন

রায়েরবাজার বেড়িবাঁধে পানি উন্নয়নের জায়গা দখল করে নানান ব্যবসা গড়ে উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, এখানে উচ্ছেদ করা হয় কম, তবে পুলিশকে টাকা দিতে হয়। ঝুঁকি নিয়ে চলছে অসংখ্য ফিটনেসবিহীন যানবাহন।
রাজধানীর বাবুবাজার থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধের রায়েরবাজার অংশে চলছে দখলের রাজত্ব। বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের অধীন। গত বুধবার দেখা যায়, সড়কের দুপাশে বাঁধের ওপরে অসংখ্য দোকান। আসবাব ও কাঠের দোকান আছে অনেক। কিছু দোকান সড়ক থেকে কিছুটা দূরে হলেও মালপত্র রাখছে সড়কে। সড়ক ঘেঁষেই গাছের গুঁড়ি ফেলে রাখা।
যানবাহন মেরামতের দোকান আছে। সারাইয়ের গাড়িগুলো সড়কের ওপর রেখে মেরামত করা হয়। ইদ্রিস মিস্ত্রি তিন বছর ধরে একটি ওয়ার্কশপের দোকান চালাচ্ছেন। বাঁধের ওপরে দোকান করা নিয়ে বলেন, উচ্ছেদের জন্য কেউ আসে না। ভাড়া দেন পেছনের জায়গার মালিককে। তবে পুলিশকে নিয়মিত টাকা দেওয়ার কথা বললেন। একটি ছাপরা হোটেলের দোকানি এটা যে সরকারি জায়গা, তা জানেনই না। তিনি নিয়মিত ভাড়া দেন ‘জমির মালিক’কে। মালিক কোথায় থাকেন জানতে চাইলে বললেন, হাজারীবাগে থাকেন। মাসে মাসে এসে ভাড়া নেন।
এ বেড়িবাঁধ দিয়ে ফিটনেসবিহীন অনেক যানবাহন চলাচল করে। এমন কিছু যান আছে, যা স্থানীয়ভাবে তৈরি করে মালামাল বহন করা হয়। শ্যালো ইঞ্জিনচালিত এ যানের পেছনের অংশে কোনোরকমে পা রেখে কয়েকজন দাঁড়িয়ে থাকেন। একটু ধাক্কা লাগলেই গাড়িটির পেছনের সবাই পড়ে যাবেন। ব্রাদার্স, প্রত্যয়, যানজাবিলসহ বেশ কিছু মিনিবাস চলে এ সড়কে। কোনোটার সামনে ভাঙা, কোনোটার বডি বেঁকে গেছে। আবার কোনোটার জানালা নেই। আর অধিকাংশই রংচটা। সড়কে চলা বেবিট্যাক্সিগুলোর পেছনটা খোলা। ওপরে ছাদ বা ছাউনি নেই। ব্রাদার্স পরিবহনের একটি বাসের চালকের সহকারী মো. লিমন বলেন, ‘ইঞ্জিন যত দিন আছে গাড়ি চলব। মোবাইল কোর্ট এদিকে কম আহে। ঝামেলা হয় না।’
পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল তিনি কথা বলতে চাননি। ফিটনেসবিহীন যান সম্পর্কে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত যান। তবে যেদিন একটি-দুটি গাড়ি ধরা হয়, সেদিন ওই সড়কে বাকি সব বন্ধ হয়ে যায়।