রায়েরবাজার স্টাফ কোয়ার্টারে নোংরা পরিবেশ, নিরাপত্তার ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবেশদ্বারগুলো অরক্ষিত। লোকজন ইচ্ছেমতো আসছে-যাচ্ছে। চারদিক আবর্জনায় সয়লাব। ভবনগুলোর সংস্কারও হচ্ছে না। বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ধানমন্ডি ৮/এ (পুরোনো ১৫) রায়েরবাজার স্টাফ কোয়ার্টারের বাসিন্দারা এর মধ্যেই দিন পার করছেন। বাসিন্দারা বলছেন, কর্তৃপক্ষকে জানিয়েও এসব সমাধান হচ্ছে না।
রায়েরবাজার স্টাফ কোয়ার্টারে ১০টি ভবনে ১৫৮টি পরিবার থাকে। সরকারি এই আবাসনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তা-কর্মচারী বাস করেন। বাসাগুলো ছোট দুই কক্ষের। এর মধ্যে কিছু বাসার কক্ষ একটু বড়। কেউ কেউ আবার তাঁদের বাসায় সাবলেট দিয়েছেন।
গতকাল রোববার দেখা যায়, এই আবাসন এলাকার সবগুলো গেট খোলা। নিরাপত্তার কোনো ব৵বস্থা নেই। ৯ নম্বর ভবনের সামনের গেট দিয়ে একজন ঢুকলেন। গেটের পাশে কিছুটা ঝোপের মতো জায়গায় তিনি প্রাকৃতিক কাজ সারলেন। সড়কের মাথায় দাঁড়িয়ে দেখছিলেন এক বাসিন্দা। তিনি বলেন, ‘এগুলা করার জায়গা হচ্ছে এই কোয়ার্টার। ভেতরের মানুষ তো ময়লা করেই। বাইরের মানুষও যা খুশি করে।’
প্রতিটি ভবনের সামনে-পেছনে আবর্জনার স্তূপ। বাসিন্দারা বলেন, বাইরের সবজিওয়ালারাও ভেতরে এসে আবর্জনা ফেলে যান। নিয়মিত পরিষ্কার করা হয় না। বিকল্প হিসেবে অনেক আবর্জনা জমলে মাঝেমধ্যে পোড়ানো হয়। গেটগুলো কখনো লাগানো হয় না। নিরাপত্তা বলতে রাতে ভবনগুলোর কলাপসিবল গেট তালা দেওয়া হয়। তা সত্ত্বেও প্রায়ই চুরি হয়। বাইরের ছেলেপেলে এসে খোলা জায়গায় খেলাধুলা করে। ঝামেলার ভয়ে কেউ কিছু বলে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ভবনগুলো নিয়মিত রং করার কথা থাকলেও তা হচ্ছে না অনেক দিন। তাঁর নিজের বাসার জানালা ভাঙা। বলা হলেও ঠিক করার জন্য কেউ আসেনি। বৃষ্টিতে ছাদ দিয়ে চুইয়ে পানি পড়ে। বর্ষায় সামনের সড়কসহ ভেতরেও পানিতে তলিয়ে যায়। তিনি বলেন, ‘বিল্ডিংগুলো রাস্তা থেকে অনেক নিচু। বৃষ্টি হইলে কেচি গেটের ভেতরে হাঁটুপানি জমে। বাচ্চাদের তখন কোলে তুলে পার করি।’ এই কোয়ার্টারের একটি সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্র আছে। কেন্দ্রকে সমস্যার কথা জানানো সম্পর্কে বলেন, ‘তারা তো শুধু ভোটের সময়েই এটা হবে, ওটা হবে বলে। পদ পাওয়ার পরে অবস্থ যা ছিল তা-ই থাকে।’ কোয়ার্টারের ভেতরেই রিকশা-ভ্যানের গ্যারেজ। এ ছাড়া ভাঙা একটি লেগুনা পড়ে আছে। সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্রের দেখভালকারী আলম খান বলেন, গ্যারেজটি ব্যক্তিমালিকানাধীন। কেন্দ্রের সাধারণ সম্পাদক এম এ মুহিত শুরু থেকেই এখানে থাকেন। নিরাপত্তার ব্যাপারে বলেন, অবস্থানগত কারণে এখানে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।