রায়েরবাজারে পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রায়েরবাজারে কয়েকজন যুবকের পিটুনিতে আহত আবুল হোসেন (৩০) নামের এক ব্যক্তি গতকাল শুক্রবার গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাজারীবাগের রায়েরবাজারে একটি হোটেলের সামনে আবুলকে বেধড়ক পেটায় স্থানীয় কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বেলা ১১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আবুল বলাকা পরিবহনের বাসের চালক ছিলেন। পাশাপাশি মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ডিশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট শত্রুতায় তাঁকে ওই যুবকেরা পিটিয়ে হত্যা করেছে।হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত আবুলের স্ত্রী মোছাম্মৎ রোজিনা বাদী হয়ে এ ব্যাপারে সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।