রায়েরবাজারে ব্রাজিল-আর্জেন্টিনা খুদে সমর্থকদের ফুটবল ম্যাচ

চলমান বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি না হলেও ঢাকার রায়েরবাজারে বস্তি এলাকায় বসবাসকারী খুদে সমর্থকেরা এই দুই দলে বিভক্ত হয়ে প্রিয় দলের জার্সি গায়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও মানবিক সাহায্য সংস্থার যৌথ আয়োজনে আজ বুধবার সকালে রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মাঠে খুদে খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার সাইদুল বারি টিটু, সাবকে ফুটবল কোচ মারুফুল হক, ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, সাংবাদিক মুন্নি সাহা, সামিনা চৌধুরী, অভিনেতা ইরেশ যাকের প্রমুখ।
ব্রাজিল ও আর্জেন্টিনা দলের এক ঘণ্টার ম্যাচ ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে ১-০ গোলে জয় লাভ করে ব্রাজিল। ম্যাচে আর্জেন্টিনা দলের পক্ষে অংশ নেওয়া মবিন বলে, ‘আর্জেন্টিনা হেরে যাওয়ায় আমার মনটা খারাপ হয়েছিল। কিন্তু প্রিয় দলের জার্সি পরে খেলতে পেরে অনেক ভালো লেগেছে। আমরা খুব কমই খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পাই। দর্শকদের উপস্থিতিতে বন্ধুদের সঙ্গে মাঠে ভীষণ আনন্দ পেয়েছি।’
নাট্যকর্মী ও অভিনেতা ইরেশ যাকের তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘সুযোগ পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও জাতিকে অনেক কিছু দিতে পারবে। প্রতিটি শিশুরই একটি আনন্দময় শৈশবের অধিকার রয়েছে। আর্জেন্টিনার বুয়েনস এইরেস থেকে যেভাবে অনেক ফুটবল তারকার জন্ম হয়েছে, ঢাকার বস্তির শিশুরাও তেমনি সুযোগ পেলে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে।’
ফুটবল ম্যাচে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের শিশুদের জন্য প্রোগ্রামের পরিচালক হোসনে আরা খন্দকার, প্রোগ্রাম ডেভেলপমেন্ট ও কোয়ালিটির পরিচালক রিফাত বিন সাত্তার, মানবিক সাহায্য সংস্থার প্রতিনিধি স্বপ্না রেজা।
আয়োজক সংস্থা দুটি জানায়, প্রতিটি শিশুরই সুরক্ষা, বিকাশ ও উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অধিকার রয়েছে। বস্তিতে বসবাসকারী সুবিধাবঞ্চিত শিশুরা অনেক সময় খেলাধুলায় অংশগ্রহণের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়। বিশ্বকাপ ফুটবলের আনন্দে প্রান্তিক শিশুদের শামিল করতেই আর্জেন্টিনা ও ব্রাজিলের খুদে সমর্থকদের মধ্যে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।