রায়েরবাজারে 'পরিবেশদূত'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের নিয়ে গঠন করা হয়েছে ‘পরিবেশদূত’ নামে একটি দল।
গতকাল বেলা ১১টায় রায়েরবাজারে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডব্লিউবিবি ট্রাস্ট) সভাকক্ষে ‘ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের আবর্জনাপাত্র (ডাস্টবিন) ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ শীর্ষক এক আলোচনা সভায় এ দল গঠন করা হয়। ডব্লিউবিবি ট্রাস্ট, ধানমন্ডি কচিকণ্ঠ হাইস্কুল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল ও আলিফ আইডিয়াল পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে শহরের বিভিন্ন স্থানে আবর্জনাপাত্র স্থাপন করেছে ডিএনসিসি। কিন্তু জনসচেতনতা ও পাত্রগুলো রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো স্থাপনের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। পরিবেশদূতের নেতৃত্বে এই জনসচেতনতা বাড়িয়ে শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।
আলোচনা সভায় সূচনা বক্তব্যে ডব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন বলেন, জনসচেতনতার অভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। সড়কের পাশে আবর্জনাপাত্র স্থাপন করা হলেও ময়লা ফেলা হচ্ছে তার নিচে ও আশপাশে। এতে করে আবর্জনাপাত্র স্থাপনের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। সবাই মিলে আন্তরিকতার সঙ্গে কাজ করলে এ শহর ঘরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তা করা হলেই ঢাকা শহরকে খুব দ্রুত পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।