রায়েরবাজারের স্বস্তি বৈশাখী মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়েরবাজার বৈশাখী খেলার মাঠের বর্তমান অবস্থা৷ ছবিটি গতকালের l প্রথম আলো
রায়েরবাজার বৈশাখী খেলার মাঠের বর্তমান অবস্থা৷ ছবিটি গতকালের l প্রথম আলো

রায়েরবাজার ও এর আশপাশের এলাকার মানুষদের জন্য বৈশাখী মাঠটি একটি স্বস্তির জায়গা। স্থানীয় শিশু-কিশোরদের সারা দিনই এখানে খেলা চলে। মাঠটি ঘিরে বিভিন্ন ক্লাবও গড়ে উঠেছে।
বিজয় হাসান স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। নিয়মিত বৈশাখী খেলার মাঠে আসে। সে বৈশাখী ফেমাস ভোরের পাখি ফুটবল ক্লাবের অধিনায়ক। কয়েকটি ক্লাব মিলে একটি লীগের আয়োজন করেছে। তাই ক্লাবের বাকি সদস্যদের নিয়ে অনুশীলন করছে। বিজয় বলে, ‘বিকেলেই মাঠে চইলা আসি। আবাহনীতে তো আর ঢুকতে দেয় না। এ মাঠই আমাগোর সব।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন ৩৪ নম্বর ওয়ার্ডে পড়েছে মাঠটি। এটি রায়েরবাজার বৈশাখী খেলার মাঠ হিসেবে পরিচিত। গতকাল মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায় পুরো মাঠটিই দেয়ালঘেরা। চারপাশে কিছু গাছ আছে। প্রাতর্ভ্রমণের জন্য পুরো মাঠ ঘিরে হাঁটার আলাদা রাস্তাও রয়েছে। কোথাও চলছে ক্রিকেট, কোথাও ফুটবল। খেলতে থাকা বেশির ভাগই স্কুলপড়ুয়া শিক্ষার্থী।
গাছের ডাল দিয়ে স্টাম্প বানিয়ে পাঁচজনের একটি দল ক্রিকেট খেলছিল। ব্যাট করছে মামুন মিয়া আর বোলিংয়ে ছিল মো. বাপ্পি। মামুন বাপ্পির বলটিকে ছক্কা পেটাতেই বাকিদের উল্লাস শুরু হয়ে যায়। এই দলটির সবার বয়স সাত থেকে আট। ব্যাটসম্যান মামুন বলে, যখন-তখন মাঠে প্রবেশ করা যায়। কেউ কিছু বলে না। সূর্যের আলো যতক্ষণ থাকে তাদের খেলাও ততক্ষণ চলে।
মাঠে খেলতে থাকা শিশুরা মাঠ নিয়ে সন্তুষ্ট। তবে মাঠে ধুলার সমস্যার কথা বলল। খরার সময়ে যদি বাতাস হয় তবে অনেক ধুলা উড়ে। আর বৃষ্টি হলে পানি জমে যায়।
রায়েরবাজার বৈশাখী খেলার মাঠকে কেন্দ্র করে মাঠের সঙ্গেই গড়ে উঠেছে ক্লাব। এদের মধ্যে আছে সবুজ সংঘ ক্রীড়া চক্র ও সবুজ সংঘ ক্রিকেট একাডেমি। সবুজ সংঘ ক্রীড়া চক্র ক্লাবটি মাঠের দেখাশোনা করে। এর সদস্য শিশির রঞ্জন বলেন, ‘এ মাঠ সবাই ব্যবহার করে। আশপাশের বিভিন্ন অফিস, স্কুল অনেক অনুষ্ঠান করে থাকে। আমরা ক্লাবের পক্ষ থেকে তাদের সহযোগিতা করি।’ তিনি আরও বলেন, আশপাশের স্কুলগুলোর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। সকালে ও সন্ধ্যায় স্থানীয় ব্যক্তিরা হাঁটতে আসেন।