রি-রোলিং মিলে উত্তপ্ত গলিত লোহায় তিন শ্রমিক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর অটো স্টিল রি-রোলিং মিলসে (এসএএসম) উত্তপ্ত গলিত লোহায় তিন শ্রমিকের দেহ ঝলসে গেছে। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হলেন নীলফামারীর ডোমার থানার সরকার পাড়া গ্রামের মো. আলীর ছেলে মো. নবিউল ইসলাম (২৬), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার দেবুগ্রামের সবুজ মিয়ার ছেলে মো. রুবেল (২৭) ও চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ তুলাতলী গ্রামের সৈয়দ হোসেনের ছেলে মো. তৌহিদ (২৭)। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন (৩২ নম্বর) ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কাজ করার সময় চুল্লি থেকে উত্তপ্ত গলিত লোহা ওই তিন শ্রমিকের গায়ে পড়ে ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে আনা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত শ্রমিকদের অবস্থার উন্নতি হয়েছে।