রি-রোলিং মিলে বিস্ফোরণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি রি-রোলিং মিলের ভেতরে অবস্থিত অক্সিজেন প্ল্যান্টের সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শ্রমিকেরা হলেন আবু জাফর (২২) ও রাজ্জাক (২৩)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে উপজেলার বরপা এলাকায় আহম্মদ রি-রোলিং মিলের ভেতরে অবস্থিত ‘এ কে অক্সিজেন লিমিটেড’ কারখানায় হঠাত্ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই কারখানার টিনের চাল উড়ে গিয়ে দেড় শ ফুট দূরে গিয়ে পড়ে।

এ সময় ওই কারখানায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হন। মারাত্মক আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ কে অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) দীনবন্ধু মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ‘কী কারণে বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সিলিন্ডার বা অন্য কোনো পদার্থের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ঘটনার পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। 

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল বিশ্বাস জানান, ‘ধ্বংসস্তূপের ভেতরে অনেক দাহ্য পদার্থ দেখা গেছে। এই দাহ্য পদার্থ থেকে আবারও বিস্ফোরণ হতে পারে। এ কারণে আমাদের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা রাত আটটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কি না, তা খুঁজে দেখবেন।’

এ কে অক্সিজেন লিমিটেড আহম্মদ রি-রোলিং মিলের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটির মালিক আবুল কাশেম মজুমদার।