রি-রোলিং মিলের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা দাবি
রি-রোলিং ও স্টিল মিলের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি করা হয়।
রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, আইনজীবী আওলাদ হোসেন প্রমুখ।
রাজেকুজ্জামান বলেন, রি-রোলিং স্টিল মিলে দুই লক্ষাধিক শ্রমিক কর্মরত। তাঁরা উত্তপ্ত লোহা নিয়ে কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন। কোনো নিরাপত্তাব্যবস্থা সেখানে নেই। দুর্ঘটনার শিকার হলে ক্ষতিপূরণ দেওয়া হয় না, বরং চাকরিটা চলে যায়। শ্রমিকেরা আইনের আশ্রয় নিতে পারেন না। কারণ তাঁদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া হয় না। কথায় কথায় চলে ছাঁটাই, নির্যাতন।
রাজেকুজ্জামান আরও বলেন, রি-রোলিং স্টিল মিলের শ্রমিকদের ন্যূনতম মজুরির কোনো মাপকাঠি নেই। একেক কারখানায় একেক নিয়মে মজুরি দেওয়া হয়। এই সামান্য টাকায় শ্রমিকদের জীবন চলে না। তাই রি-রোলিং স্টিল মিলগুলোতে শ্রম আইনের বাস্তবায়ন করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মালিকদের বাধ্য করতে হবে নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে। এ ছাড়া বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে মাসে কমপক্ষে ১৫ হাজার টাকা মজুরি আইন করে নির্ধারণ করতে হবে। কেউ দুর্ঘটনায় নিহত হলে আইনত আজীবন আয়ের সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর আহত হলে উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।