রিং পরানো হলো চার শ পাখির পায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে এবার পাখির সংখ্যা বেড়েছে। গত বছরের তুলনায় এখানে প্রায় ১২ হাজার বেশি পাখির দেখা মিলেছে। হাওরের ৪২টি বিলে দুই দিনের জলচর পাখিশুমারি শেষে আজ মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ তথ্য জানান।
আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডির জলবায়ু-সহিষ্ণু প্রতিবেশ ও জীবিকায়ন প্রকল্পের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ বার্ড ক্লাব এ শুমারির আয়োজন করে। এ ছাড়া গতিবিধি পর্যবেক্ষণে হাওরে ২৫ প্রজাতির ৪০০টি জলচর পাখির পায়ে রিং পরানো হয়েছে। গত বছর রিং পরানো ৩৭০টি পাখির মধ্যে ৩০টি পাখির দেখা মিলেছে এবার।
আয়োজকদের সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। ১৯৯৯ সালে সরকার এ হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ) ঘোষণা করে।
বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক মঙ্গলবার রাত আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সোমবার সকাল থেকে পাখিশুমারি শুরু হয়। এতে বার্ড ক্লাবের দুটি দল অংশ নেয়। শুমারিতে হাওরের ৪২টি বিলে ৫৬ প্রজাতির ৩৪ হাজার ২৬৪টি পাখি দেখা গেছে। গত বছর ১৬ ও ১৭ ফেব্রুয়ারি শুমারিকালে ৫৬ প্রজাতির ২১ হাজার ৬৩১টি জলচর পাখি দেখা গিয়েছিল। এবার ফোয়ালা বিলে সবচেয়ে বেশি প্রায় ১৪ হাজার পাখি দেখা গেছে।
ইনাম আল হক বলেন, এবার দুটি বিলে বিরল প্রজাতির চারটি বেয়ারের ভূঁতিহাঁস দেখা গেছে। এটি বিশ্বব্যাপী বিপন্নপ্রায়। আগে হাওরে এ প্রজাতির পাখি বেশি দেখা যেত। পাখি বৃদ্ধির কারণ সম্পর্কে তিনি বলেন, গত বছর বেশ কয়েকটি বিলে মাছ ধরা হচ্ছিল। সে কারণে পাখির সংখ্যা কম ছিল। কারণ, বিলে মাছ ধরায় পাখিরা ভয়ে সেখানে খাবারের জন্য যায় না। এবারও ছয়-সাতটি বিলে মাছ ধরা চলছে। তবে গত বছরের চেয়ে এ সংখ্যা কম।
ইনাম আল হক জানান, ১৭ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত হাওরে ২৫ প্রজাতির ৪০০টি পরিযায়ী পাখির পায়ে রিং পরানো হয়। গত বছর ৩৩ প্রজাতির ৩৭০টি পাখির পায়ে রিং পরানো হয়েছিল। এর মধ্যে ৩০টি পাখির এবার দেখা পাওয়া গেছে। হিমালয় ও সাইবেরিয়া অঞ্চল থেকে এসব পাখিরা ফিরে এসেছে।