রিংয়ের দাম, উৎপাদন ও মেয়াদ উল্লেখ বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃদ্‌রোগীদের জন্য করোনারি (স্টেন্ট) রিংয়ের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরই অংশ হিসেবে রিংয়ের মোড়কের গায়ে দাম, রেজিস্ট্রেশন নম্বর, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, রিংয়ের মোড়কের গায়ে দাম, রেজিস্ট্রেশন নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ঝুলিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারী রিং আমদানিকারক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমদানিকারক চারটি কোম্পানি হাসপাতালগুলোতে ২৫ থেকে ৫০ হাজার টাকায় রিং বিক্রি করতে রাজি হয়েছে। অধিদপ্তর ওই কোম্পানির এ উদ্যোগ গ্রহণ করেছে। কোম্পানিগুলো হলো কার্ডিয়াক কেয়ার লিমিটেড, ভাস্টেক লিমিটেড, মেডি গ্রাফিক ট্রেডিং লিমিটেড ও ওরিয়েন্ট এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।

মোস্তাফিজুর রহমান বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর হৃদ্‌রোগীদের রিংয়ের দাম ঠিক করতে ও নিয়ন্ত্রণে ১১ এপ্রিল ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। বিভিন্ন দেশের রিংয়ের দাম পর্যালোচনা করে সব ধরনের রিংয়ের দাম নির্ধারণ করে দেবে এই কমিটি।

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন (চলতি দায়িত্ব)। তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে একই ধরনের করোনারি স্ট্যান্ট একেক রকম দামে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে করোনারি স্ট্যান্টের দামের তালিকা সংগ্রহ করা হয়। রোগীরা যাতে যথাযথ দামে করোনারি রিং কিনতে পারে এবং প্রতারিত না হয়, সে লক্ষ্যে ১১ এপ্রিল অধিদপ্তরে রিং আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি, রিং ব্যবহারকারী প্রতিনিধি ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, রিং বিক্রিতে অনিয়ম রোধ করতে হবে। একই সঙ্গে মানসম্মত, নিরাপদ ও রিংয়ের সহজলভ্য মূল্য নির্ধারণ করতে হবে।