রিও অলিম্পিকের মশাল বহন করবেন ড. ইউনূস
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ব্রাজিলের রিওতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে মশাল বহনের আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ। রিও অলিম্পিকের প্রেরণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের অংশগ্রহণ চায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
এ তথ্য জানিয়ে ইউনূস সেন্টারের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রিসের অলিম্পিয়া নগরীতে গত ২১ এপ্রিল ঐতিহ্যবাহী অলিম্পিক মশাল প্রজ্বালনের মাধ্যমে রিও অলিম্পিক মশালের যাত্রা শুরু হয়। ব্রাজিলে অলিম্পিক মশালযাত্রা শুরু হয় ৩ মে রাজধানী ব্রাসিলিয়া থেকে। সারা দেশ ঘোরার পর এ যাত্রা শেষ হবে আগামী শুক্রবার মারাকানা স্টেডিয়ামে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। অধ্যাপক ইউনূস আগামীকাল বৃহস্পতিবার রিওতে অলিম্পিক মশাল যাত্রার শেষ পর্বে মশাল বহন করবেন। এদিন তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণ দেবেন।