রিও কনভেনশন মাথায় রেখে উন্নয়ন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক জাতীয় কর্মশালায় বক্তারা বলেছেন, দেশের উন্নয়নে পদ্মা সেতু, মেট্রোরেল ও বিশেষ শিল্পাঞ্চলের মতো বড় উন্নয়ন প্রকল্প নিতে হবে। তবে মনে রাখতে হবে, এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যাতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি না হয়। বাংলাদেশ টেকসই উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সনদ রিও কনভেনশনে স্বাক্ষর করেছে। ওই সনদ বাস্তবায়নে এসব বিষয়কে মাথায় রেখে উন্নয়ন করতে হবে।
গতকাল বুধবার সিরডাপ মিলনায়তনে ‘পরিবেশগত সুশাসনের মাধ্যমে রিও সনদ বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা শুধু জলবায়ু পরিবর্তনের দিকে মনোযোগ না দিয়ে পরিবেশ, জীববৈচিত্র্য ও জলাভূমি রক্ষায় মনোযোগ দেওয়ার ওপরও গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ) এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মশালায় দেশের শীর্ষ পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হচ্ছে কি না, তা তদারকের স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, একসময় দেশে সুপেয় পানির সরবরাহ ও অবকাঠামো উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হতো। এখন পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সরকার নিজস্ব তহবিল দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে।
কর্মশালায় ইউএনডিপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কইয়োকো ইউকোসুকা বলেন, বাংলাদেশ অনেক বিষয় নিয়ে গর্ব করতে পারে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা একটি। শিল্পের প্রবৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই দুয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। পৃথিবীকে বাঁচিয়ে রাখতে টেকসই উন্নয়নের বিকল্প নেই।
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবাট বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি খাতকেও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছ উল আলম মণ্ডল, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল করিম, অতিরিক্ত সচিব নুরুল কাদির, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের চেয়ারম্যান ড. আতিক রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজান আর খান ও আমিনুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।