রিও কনভেনশন সম্পর্কে সরকারি কর্মকর্তাদের জানতে হবে
পরিবেশ রক্ষা বিষয়ে জাতিসংঘের তিনটি কনভেনশন বা চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। রিও কনভেনশন হিসেবে চিহ্নিত সেই চুক্তিগুলো বাস্তবায়ন করতে পারলে তা দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই তিনটি চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ হলেও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে তেমন সচেতনতা গড়ে ওঠেনি।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘পরিবেশ রক্ষায় সুশাসন প্রতিষ্ঠায় রিও কনভেনশনের বাস্তবায়নে জাতীয় সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা রিও কনভেনশনের বিভিন্ন ধারা এবং শর্তগুলো সম্পর্কে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়ার ওপরে জোর দেন। চুক্তিগুলো হলো জলবায়ু পরিবর্তনসংক্রান্ত ইউএনএফসিসিসি, জীববৈচিত্র্য রক্ষা বিষয়ে সিবিডি ও মরুকরণ রোধে সিসিডি। কর্মশালার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
সভায় প্রধান অতিথি সিনিয়র সচিব ও লোকপ্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের রেক্টর আসলাম আলম বলেন, রিও কনভেনশনগুলো যদি সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের সচেতনতা তৈরি করতে হবে। তিনি সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের এ তিনটি বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ওপরে জোর দেন।
বিশেষ অতিথি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক কানিজ ফাতেমা বলেন, পরিবেশের ওপরে বিভিন্ন সময়ে কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু তার সঠিক ব্যবহার হয় না।
কর্মশালায় আরও বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমেদ, বাংলাদেশ প্রশাসন ও ব্যবস্থাপনা ইনস্টিটিউটের (বিয়াম) মহাপরিচালক শেখ মুজিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল, ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও রিও প্রকল্পের পরিচালক জিয়াউল হক।