রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, আগামী জুনে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠেয় রিও+জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক সম্মেলনে দুর্যোগের ঝুঁকি হ্রাসের বিষয়টিকে একটি নতুন স্তম্ভ হিসেবে যুক্ত করতে হবে। এ বিষয়কে সরকারের জলবায়ু পরিবর্তন মোকাবিলার একটি কৌশল হিসেবে নিয়ে বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। ইস্কাটন গার্ডেনে বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে গতকাল রোববার ‘কানকুন থেকে ডারবান এবং দোহার দিকে পথযাত্রা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক হয়। যৌথভাবে এর আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি), অক্সফাম ও ইউরোপীয় ইউনিয়ন। দেশের শীর্ষ জলবায়ু বিশেষজ্ঞরা এ গোলটেবিলে অংশ নেন।গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, জুনে রিও ডি জেনিরোতে জাতিসংঘের টেকসই উন্নয়ন বিষয়ে যে সম্মেলন হতে যাচ্ছে, তাতে মূলত টেকসই উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে। কিন্তু ওই সম্মেলনে যাতে বাংলাদেশের মতো জলবায়ু-বিপন্ন দেশগুলোর অধিকার নিশ্চিত হয়, সে জন্য দুর্যোগের ঝুঁকি হ্রাসের বিষয়টিকে চতুর্থ স্তম্ভ হিসেবে যুক্ত করার দাবি তুলতে হবে। বৈঠকে সভাপতির বক্তব্যে পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের মাধ্যমে যে সমঝোতার চেষ্টা চলছে, তা যদি সফলও হয় তাহলেও তা শুরু হবে ২০২০ সাল থেকে। এই সময়ের মধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। তাই বসে না থেকে এখন থেকেই সরকারকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগগুলো জোরদার করতে হবে।জলবায়ু বিশেষজ্ঞ ও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনবিষয়ক চুক্তিগুলো এমনভাবে করতে হবে যাতে কোনো দেশ এ থেকে বের হতে না পারে।