রিকন্ডিশন্ড ভারতীয় ট্রাক আমদানির প্রস্তাব নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে রিকন্ডিশন্ড ট্রাক ও মোটরসাইকেল আমদানির জন্য সংসদীয় কমিটির একটি সুপারিশ তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংসদ ভবনে গতকাল রোববার অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ওই প্রস্তাব দেওয়া হয়েছিল। বৈঠকের পর কমিটির সদস্য শেখ আফিল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। প্রস্তাব নাকচ করে দিয়ে বৈঠকে মন্ত্রণালয় বলেছে, ভারত থেকে রিকন্ডিশন্ড ট্রাক ও মোটরসাইকেল আমদানি করলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকবে।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে সংসদীয় কমিটি ভারত থেকে রিকন্ডিশন্ড ট্রাক ও মোটরসাইকেল আমদানির বিষয়টি উপস্থাপন করে। এ সময় বলা হয়, বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক ব্যবসায়ীরা ভারতীয় রিকন্ডিশন্ড ট্রাক ও মোটরসাইকেল আমদানি করার দাবি জানিয়েছেন। তাঁদের যুক্তি, ভারতের নতুন ট্রাকের চেয়ে পুরোনো ট্রাকের মান তুলনামূলকভাবে ভালো। বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে বলেন, ভারত থেকে পুরোনো ট্রাক আমদানি করা যাবে না। কারণ, এতে প্রতারিত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকবে। অসাধু ব্যবসায়ীরা বেশি পুরোনো গাড়িতে নতুন রঙ করে এবং ঘষামাজা করে চেসিস উৎপাদনের তারিখ পরিবর্তন করে বাংলাদেশে রপ্তানি করতে পারেন। সূত্র জানায়, মন্ত্রণালয়ের আপত্তির কারণে শেষ পর্যন্ত কমিটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি। বৈঠকের পর শেখ আফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রী যে আশঙ্কা করছেন, তা সত্য। সে ক্ষেত্রে সুনাম আছে এমন আমদানিকারকদের মাধ্যমে ট্রাক আমদানি করা যেতে পারে।’ কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, এম আবদুল লতিফ ও শেখ আফিল উদ্দিন অংশ নেন।