রিকশা আছে, চালক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ শেষে এখনো ঢাকায় ফেরেননি চালকেরা। অলস পড়ে আছে রিকশাগুলো। ছবিটি তেজগাঁও শিল্প এলাকা থেকে তোলা l প্রথম আলো
ঈদ শেষে এখনো ঢাকায় ফেরেননি চালকেরা। অলস পড়ে আছে রিকশাগুলো। ছবিটি তেজগাঁও শিল্প এলাকা থেকে তোলা l প্রথম আলো

ঈদের ছুটি শেষ। কর্মজীবী লোকজন ঢাকায় ফিরতে শুরু করেছেন। কিন্তু নগরের বিভিন্ন এলাকার গ্যারেজগুলোতে রাখা সারি সারি রিকশা এখনো অলস দাঁড়িয়ে। কারণ, অধিকাংশ চালক এখনো ফেরেননি।

গতকাল শনিবার মিরপুর, তেজগাঁও, পল্টন, কাঁঠালবাগানসহ কয়েকটি এলাকার রিকশা গ্যারেজ ঘুরে এমন চিত্র চোখে পড়েছে। রিকশার মালিক, মিস্ত্রি ও ঢাকায় থেকে যাওয়া চালকেরা বলছেন, ঈদের সময়ে ৯০ শতাংশ রিকশাচালকই নিজ নিজ এলাকায় ফিরে যান।

তেজগাঁও শিল্প এলাকার একটি রিকশা গ্যারেজের মালিক হোসেন মিয়া জানালেন, তাঁর গ্যারেজে ৬০টি রিকশা রয়েছে। এই গ্যারেজ থেকে ভাড়া নিয়ে রিকশা চালান এমন ব্যক্তির সংখ্যা ১০০ জনের মতো। সাতজন ছাড়া সবাই ঈদের আগের রাতে বাড়ি ফিরে গেছেন।

চালকেরা কবে ফিরবেন—জানতে চাইলে হোসেন মিয়া বলেন, ‘এক-দুইজন আইতে শুরু করছে। বেশির ভাগ আইব হাতের ট্যাকাপয়সা শ্যাষ হওয়ার পর।’

একই এলাকার আরও তিনটি রিকশা গ্যারেজে একই চিত্র চোখে পড়ল। এসব গ্যারেজের মালিক ও ব্যবস্থাপকেরা জানালেন, চালকের ঘাটতির কারণে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত জমার টাকাও অর্ধেক রাখা হয়। এ ছাড়া যাঁরা থেকে যান, তাঁদের জন্য অনেক মালিক-মহাজন ঈদের দিনে বিশেষ খাবারের ব্যবস্থা রাখেন। অনেকে শাড়ি-কাপড়ও দেন।

যত্নের অভাবে দুর্বল হয়ে পড়েছে সড়কের পাশের গাছগুলো। ঝড়–বৃষ্টি হলে প্রায়ই এসব গাছের ডাল ভেঙে যাচ্ছে বা গোড়া উপড়ে পড়ছে। গতকাল বিকেলে বাংলা একাডেমির বিপরীত দিকের রাস্তায় এমনই এক গাছের ডাল হঠাৎ​ ভেঙে পড়ে l প্রথম আলো
যত্নের অভাবে দুর্বল হয়ে পড়েছে সড়কের পাশের গাছগুলো। ঝড়–বৃষ্টি হলে প্রায়ই এসব গাছের ডাল ভেঙে যাচ্ছে বা গোড়া উপড়ে পড়ছে। গতকাল বিকেলে বাংলা একাডেমির বিপরীত দিকের রাস্তায় এমনই এক গাছের ডাল হঠাৎ​ ভেঙে পড়ে l প্রথম আলো

ঢাকা রিকশা ও ভ্যান মালিক ফেডারেশনের সদস্য মনজুর হোসেনের হিসাবে ঢাকার রাস্তায় চলাচলকারী রিকশার সংখ্যা সোয়া দুই লাখের মতো। এর জন্য আছে ছোট-বড় ছয় হাজারের মতো গ্যারেজ। আর এই পেশার সঙ্গে যুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় আট লাখ।

তবে ঢাকার দুই সিটি করপোরেশনের হিসাবে রিকশার সংখ্যা ১০ লাখের মতো। আর ঢাকায় ৮৭ হাজার ৮১১টি রিকশার নিবন্ধন আছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে আছে ২৭ হাজারের মতো বৈধ রিকশা। গত শতকের আশির দশকের পর থেকে ঢাকায় নতুন রিকশার নিবন্ধন দেওয়া বন্ধ আছে।

২০১০ সালে প্রকাশিত ‘ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডি’ (ডিএইচইউটিএস) শীর্ষক প্রতিবেদনের তথ্য অনুসারে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মানুষের দৈনিক ট্রিপের (যাতায়াত) সংখ্যা ২ কোটি ৫ লাখ। এসব ট্রিপের ৩৮ দশমিক ৭ শতাংশ হয় রিকশার মাধ্যমে। বাকি ট্রিপের ২৮ দশমিক ৫ শতাংশ পাবলিক বাস, ১৯ শতাংশ হেঁটে ও ৫ দশমিক ২ শতাংশ ব্যক্তিগত গাড়ির মাধ্যমে সম্পন্ন হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় যোগাযোগ মন্ত্রণালয় ও ঢাকা পরিবহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) এই গবেষণা চালায়।