রিকশা আটক করে ৪০ লাখ টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কাউন্সিলর নূর হোসেন ও শাহ জালাল বাদল লোকজন নিয়ে গত চার দিনে ৪০০ ব্যাটারিচালিত রিকশা আটক করেন। পরে তাঁরা ৪০ লাখ টাকা নিয়ে রিকশাগুলো ছেড়ে দেন বলে অভিযোগ উঠেছে।
রিকশা আটকের নামে চাঁদাবাজির প্রতিবাদে রিকশাচালক ও মালিকেরা গতকাল রোববার দুপুরে নগরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন রিকশাচালক মো. সেলিম, মো. শাহ আলম, মাসুম, জসীম, আনোয়ার হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সহসভাপতি আবদুল হাই, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম এ শাহীন প্রমুখ।
সমাবেশে রিকশাচালকেরা অভিযোগ করেন, চার দিন ধরে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন, তাঁর আপন ভাতিজা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ জালালের লোকজন নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ পুল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুক্তি সরণি এলাকায় তল্লাশি চৌকি বসান। তাঁরা দাবি করেন, সিটি করপোরেশনের উদ্যোগে ওই তল্লাশি চৌকি বসানো হয়েছে। ব্যাটারিচালিত রিকশার চলাচল অবৈধ উল্লেখ করে তাঁরা রিকশাগুলো আটক করে তা মুক্তি সরণির কাছে খালি জায়গা ও শিমরাইলে নূর হোসেনের বাড়ির পাশে নিয়ে রাখেন। পরে রিকশার মালিকেরা যোগাযোগ করলে রিকশাপ্রতি ১০ হাজার টাকা করে আদায় করে ছেড়ে দেওয়া হয়।
রিকশাচালকেরা বলেন, ১০ হাজার টাকা করে চাঁদা নেওয়ার পরও কয়েকটি রিকশার ব্যাটারি ফেরত দেওয়া হয়নি। ব্যাটারির মূল্য ১২ থেকে ১৫ হাজার টাকা। অনেক রিকশার নতুন ব্যাটারি খুলে পুরোনো অচল ব্যাটারি লাগিয়ে দেয়। এভাবে চার দিনে ৪০০ ব্যাটারিচালিত রিকশা আটক করে ৪০ লাখ টাকা চাঁদা হাতিয়ে নিয়েছেন দুই কাউন্সিলরের লোকজন। বর্তমানে সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ থাকায় চালকেরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। রিকশার মালিকেরা চরম অর্থসংকটে পড়েছেন।
কাউন্সিলর নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। শাহ জালাল সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক।
সমাবেশ শেষে রিকশাচালক ও মালিকেরা মিছিল নিয়ে নগর ভবনে যান এবং মেয়রের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেওয়া হয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ব্যাটারিচালিত রিকশার অনুমোদন না থাকলেও তা আটকের জন্য সিটি করপোরেশনের কোনো কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়নি। অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে কাউন্সিলর নূর হোসেন ও শাহ জালালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা অবৈধ। এটা অবৈধভাবে সরকারের বিদ্যুৎ ব্যবহার করে। এতে যানজটেরও সৃষ্টি হয়। এই কারণে কাউন্সিলর নূর হোসেনের নির্দেশে ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়েছে। পরে নূর হোসেন সমাবেশ ডেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেবেন।’