রিকশা এখনো থানায়, আয়-রোজগার বন্ধ
পেট্রলবোমায় দগ্ধ রিকশাচালক মতিউর রহমানের রিকশাটি এখনো ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশের হেফাজতে রয়েছে। থানা থেকে আটবার রিকশা ফেরতের তারিখ দেওয়া হলেও এখনো পাননি তিনি। এতে বন্ধ হয়ে গেছে তাঁর রোজকার উপার্জন। ধারদেনা করে চলছে সংসার।
গৌরীপুর থানা সূত্রে জানা যায়, বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের বিরোধের জের ধরে গত ১৬ ডিসেম্বর রাতে উপজেলার সাহাগঞ্জ বাজারে একাধিক পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মতিউর রহমান দগ্ধ হন। ওই দিন রাতেই তাঁর রিকশাটি থানা হেফাজতে নেয় পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে গত ৩ জানুয়ারি বাড়ি ফিরেছেন মতিউর। গত মঙ্গলবার মতিউর প্রথম আলোকে বলেন, তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। ওই দিন রাতে সাহাগঞ্জ বাজারে যাত্রীর অপেক্ষায় থাকার সময় হঠাৎ পেট্রলবোমার বিস্ফোরণ ঘটলে তিনি দগ্ধ হন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তিনি গৌরীপুর থানায় রিকশাটি ফেরত চাইতে যান। থানা থেকে তাঁকে পরপর আট দিন রিকশা ফেরত দেওয়ার তারিখ দেওয়া হলেও তিনি রিকশাটি পাননি। তিনি আরও বলেন, চিকিৎসা চলাকালে অনেক ধারদেনা করেছেন। এখনো ধারদেনা করে চলছে তাঁর সংসার। একটি এনজিও থেকে ঋণ নিয়ে ৪৫ হাজার টাকা দিয়ে তিনি ব্যাটারিচালিত রিকশাটি কিনেছিলেন। এখনো ঋণের টাকা শোধ হয়নি।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ বলেন, ‘আদালতের আদেশ ছাড়া রিকশাটি মতিউরকে ফেরত দিতে পারছি না। আদেশ পেলে রিকশাটি দ্রুতই তাঁকে ফেরত দেওয়া হবে।’