
গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় চলাচলকারী অনুমোদিত রিকশার সংখ্যা চাহিদার তুলনায় বেশ কম হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগে এই চারটি এলাকায় কয়েক হাজার রিকশা চললেও বর্তমানে বিশেষ রঙের ৫০০ রিকশা ছাড়া অন্য রিকশা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এই চার এলাকায় চলাচলকারী যাত্রীদের অভিযোগ, চাহিদার তুলনায় রিকশার সংখ্যা খুবই কম। আর এসব রিকশা মানে না ভাড়ার তালিকা। তাঁরা দ্রুত রিকশার সংখ্যা বাড়ানোর দাবি জানান। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে অনুমোদিত রিকশার সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার পর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার নিরাপত্তা জোরদার করতে বিশেষ রঙের (কালো ও হলুদ) রিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়। গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে গত ১০ আগস্ট ৫০০টি রিকশা চালু করা হয়। গুলশানে ২০০, বনানীতে ২০০, বারিধারা ও নিকেতনে ৫০টি করে এই রিকশা চলছে।
গতকাল রোববার দেখা যায়, এলাকাগুলোতে অনুমোদনহীন কোনো রিকশা চলছে না। অনুমোদিত রিকশার সংখ্যা যাত্রীর তুলনায় খুবই কম। যাত্রীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও রিকশা পাচ্ছেন না। রিকশা না পেয়ে বাধ্য হয়ে গন্তব্যের দিকে হাঁটা দিচ্ছেন। নারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বেশি।
গুলশান-১ নম্বর সিটি করপোরেশন মার্কেটের পাশের সড়কে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে ১০-১২টি অনুমোদিত রিকশা চলাচল করতে দেখা গেল। অথচ এ সময় অর্ধশতাধিক যাত্রী রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। একটি রিকশা এলে একাধিক যাত্রী চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন।
গুলশান-১ গোলচত্বরের পাশের সড়কে প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে থেকেও রিকশা পাচ্ছিলেন না শাহিদা আকতার। যাবেন বনানী। তিনি বলেন, ‘বিশেষ রিকশা চলবে ভালো কথা কিন্তু যাত্রীর তুলনায় রিকশা চোখেই পড়ে না। আরও প্রস্তুতি নিয়ে অন্য রিকশা বন্ধ করা উচিত ছিল।’
প্রতিটি অনুমোদিত রিকশায় বিভিন্ন গন্তব্যের ভাড়া নির্ধারণ করে বানানো তালিকা লাগিয়ে দেওয়া হয়েছে। রিকশার পেছনে সাঁটানো ভাড়ার তালিকা যাত্রীরা দেখছেন না। সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ১৫ টাকা। গুলশান-১ গোলচত্বর থেকে গুলশান-২-এর ভাড়া ২০ টাকা। তবে রিকশার চালকেরা এ দূরত্বে ২৫ থেকে ৩০ টাকা ভাড়া নিচ্ছেন।
এই অনুমোদিত রিকশাগুলোর মালিক আগের গ্যারেজ মালিকেরাই। সোসাইটিগুলো শুধু এগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে আছে। এ বিষয়ে গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় রিকশা অপ্রতুল, সেটি ঠিক। পরিবর্তিত প্রেক্ষাপটে গুলশান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ও যানজট নিরসনে রিকশা চলাচল সীমিত করা হয়েছে।
ওমর সাদাত বলেন, মানুষের সাময়িক কষ্ট হচ্ছে, তবে অনুমোদনহীন রিকশা চলাচল বন্ধ হওয়ায় যানজট অনেকটা কমেছে। যে পরিমাণ অনুমোদিত রিকশা আছে, তা দ্বিগুণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ১০ দিনের মধ্যে আরও রিকশা নামানো হবে।