রিকশা নিবন্ধন নবায়ন করছে ডিএনসিসি
গঠনের চার বছর পর প্রথমবারের মতো রিকশার নিবন্ধন নবায়ন করতে শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বর্তমানে ডিএনসিসি এলাকায় নিবন্ধিত রিকশা আছে ২৬ হাজার ৮২০টি। তবে অনিবন্ধিত কয়েক লাখ অবৈধ রিকশার বিষয়ে কী করা হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
ডিএনসিসি সূত্র জানায়, ১৯৮০ সালের পর থেকে ঢাকায় নতুন রিকশার নিবন্ধন দেওয়া হয়নি। ওই সময় নিবন্ধিত রিকশার সংখ্যা ছিল ৮০ হাজার। ২০১১ সালে সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর কোন এলাকায় নিবন্ধিত তা নিশ্চিত না হওয়ায় গত চার বছর রিকশার নিবন্ধন নবায়ন করা হয়নি।
সিটি করপোরেশনের বাজেট পর্যালোচনা-সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, রিকশার নিবন্ধন ফি আদায় করে প্রতি অর্থবছরে নির্ধারিত অঙ্কের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কোনো বছরই এ খাত থেকে অর্থ আদায় করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, রিকশার নিবন্ধন নবায়ন না করে সিটি করপোরেশন শুধু রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়নি, বরং নগরে রিকশা চলাচলের ক্ষেত্রে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
নিবন্ধিত রিকশার তালিকা থেকে ডিএনসিসির রাজস্ব বিভাগ উত্তর সিটি এলাকায় নিবন্ধিত রিকশার পৃথক তালিকা তৈরি করেছে। সেই তালিকা অনুযায়ী ডিএনসিসি এলাকায় নিবন্ধিত রিকশা আছে ২৬ হাজার ৮২০টি। এ ছাড়াও ভাড়ায় চালিত ভ্যানগাড়ি আছে ১ হাজার ৯৬৯টি আর ব্যক্তিগত ভ্যানগাড়ি আছে ৩১টি। ঠেলাগাড়ি আছে ১০টি। মোট নিবন্ধিত অযান্ত্রিক বাহন আছে ২৮ হাজার ৮৩০টি।
এসব অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন নবায়নের জন্য গত নভেম্বর মাসে পত্রিকায় বিজ্ঞাপন দেয় ডিএনসিসি। ঘোষণা অনুযায়ী ২০১১-১২ অর্থবছর থেকে শুরু করে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য নিবন্ধন নবায়ন করছে ডিএনসিসি। গত ১ ডিসেম্বর শুরু হওয়া নবায়ন কার্যক্রম চলবে এ বছরের মার্চ মাস পর্যন্ত।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাহাবুবুর রহমান বলেন, দৈনিক ৫০০ অযান্ত্রিক বাহনের নিবন্ধন নবায়ন করা হচ্ছে। সাবেক নিবন্ধন নম্বর অনুযায়ী দিন নির্ধারণ করা আছে, কেউ সেদিন না করাতে পারলে পরে সুযোগ দেওয়া হবে।
পাঁচ বছরের জন্য রিকশার মোট নিবন্ধন নবায়ন ফি ৬০০ টাকা, ভ্যানগাড়ির জন্য মোট ফি ৭১০ টাকা আর ঠেলাগাড়ির জন্য ৩৭৫ টাকা। নবায়ন করলে একটি নতুন নম্বরপ্লেট ও টোকেন দেওয়া হচ্ছে। ব্লু-বুক পুরোনোটিই থাকছে। ডিএনসিসি এলাকায় নিবন্ধিত সব অযান্ত্রিক বাহন নিবন্ধন নবায়ন করলে ১ কোটি ৭৫ লাখ টাকার রাজস্ব আদায় হতো। তবে শতভাগ না হলেও লক্ষ্যমাত্রার অন্তত ৯০ শতাংশ আদায় হবে বলে ডিএনসিসির কর্মকর্তারা আশা করছেন।
রাজধানীতে নিবন্ধিত রিকশার তুলনায় বহুগুণ বেশি অনিবন্ধিত রিকশা চলাচল করছে। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই সংখ্যা ১০ লাখের বেশি। রাজধানীর বিভিন্ন এলাকায় ‘ঢাকা বিভাগ রিকশা ও ভ্যান মালিক সমিতি’, ‘বাংলাদেশ রিকশা ও ভ্যান মালিক ফেডারেশন’, ‘রিকশা ও ভ্যান মালিক শ্রমিক লীগ’, ‘মহানগর রিকশা মালিক লীগ’, ‘মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’সহ বিভিন্ন নামে রিকশার পেছনে ক্রমিক নম্বরসংবলিত নম্বরপ্লেট দেখা যায়। এসব ক্রমিক নম্বরের সঙ্গে সিটি করপোরেশনের দেওয়া নিবন্ধনের কোনো সম্পর্ক নেই। এসব নম্বরপ্লেট বসিয়ে একধরনের ব্যবসা করছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
অবৈধ রিকশার বিষয়ে ডিএনসিসির মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘অবৈধ রিকশার বিষয়ে কী করা হবে, এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গণপরিবহনের অপ্রতুলতা ও অনেক পরিবার রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে—এগুলোও মাথায় রাখতে হচ্ছে। অবৈধ রিকশার সংখ্যা কমিয়ে আনা হবে। কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে রিকশার সংখ্যা নির্ধারণ করে দেওয়া, চালকদের পোশাক দেওয়ার পরিকল্পনা আছে।’