চট্টগ্রাম নগরে গতকাল বৃহস্পতিবার রিকশামিছিল ও সমাবেশ করেছেন রিকশাচালকেরা। নগরের বারিক বিল্ডিং মোড় থেকে বহদ্দারহাট পর্যন্ত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এই মিছিল-সমাবেশ করা হয়।সমাবেশে বক্তারা বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত রিকশা চলাচল বন্ধ না করে সড়কের দুপাশে আলাদা লেন করে দেওয়ার দাবি জানান। অন্যথায় ২ জানুয়ারি নগরে হরতালের ঘোষণা দেওয়া হয়।জানা যায়, গত ২৮ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মহানগর পুলিশ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), বিআরটিএ ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের এক সভায় নগরের যানজট নিরসনে ১ জানুয়ারি থেকে বহদ্দারহাট ও বারিক বিল্ডিং মোড়ের মধ্যে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল টাইগারপাস থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত অন্তত এক হাজার রিকশাচালক রিকশামিছিল বের করেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই মিছিলের কারণে নগরের প্রধান সড়কটি অচল হয়ে পড়ে।রিকশামিছিল শেষে রিকশাচালকেরা রিকশা নিয়ে ষোলশহর ২ নম্বর গেট এলাকায় সমাবেশে মিলিত হন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এম নাজিম উদ্দিন, শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফর আলী এবং চট্টগ্রাম মহানগর রিকশা চালক-মলিক সমন্বয় সংগ্রাম পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম সরকার ও সভাপতি এম এ কাদের।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সিদ্ধান্ত অবশ্যই কার্যকর করব। শনিবার থেকে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করব। দুই থেকে তিন দিন পর্যন্ত বৈঠক চলবে। এর পরই আমরা সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নেব।’ তিনি বলেন, তবে ১ জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর না-ও হতে পারে।চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে নিবন্ধিত রিকশার সংখ্যা ৩৫ হাজার। এর বাইরে আরও অন্তত দুই লাখ রিকশা অবৈধভাবে চলাচল করে বলে বিভিন্ন সূত্র জানায়।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রথম আলোকে বলেন, জানুয়ারি থেকে নগরে রিকশা জরিপ চালানো হবে। জরিপ শেষে ওয়ার্ডগুলোতে সংখ্যা অনুপাতে রিকশার নিবন্ধন দেওয়া হবে। এরপর অবৈধভাবে চলাচলকারী রিকশাগুলো বন্ধ করে দেওয়া হবে।