রিকশা যেন হলুদ হরিণ, যাত্রীদের বিস্তর অভিযোগ

মজা করে অনেকেই বলেন ‘হলুদ হরিণ’। চোখের পলকে উধাও হয়ে যায়। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে চলাচলকারী বিশেষ রিকশা নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। বেশি ভাড়া আদায় ও অপ্রতুল হওয়ায় ভোগান্তি চলছেই।
প্রিয়তা রহমানকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রিকশা নিতে হয়। গুলশান-১ থেকে কাকলী পর্যন্ত প্রতিদিন প্রায় ১৫০ টাকা যায় রিকশার পেছনে। তিনি বলেন, ‘রিকশা ধরার প্রতিযোগিতায় নামার জন্য বাসা থেকে অনেক আগে বের হই। পেলে দরদাম করার তো প্রশ্নই আসে না, আরেকজন নিয়ে নিবে। বন্ধুরা মজা করে “হলুদ হরিণ” নাম দিয়েছি।’
গত বছরের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে নিরাপত্তার জন্য গণপরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়। তখন নিয়মিত চলাচলকারী রিকশার প্রবেশও নিষিদ্ধ হয়ে যায়। পরে গত ১০ আগস্ট এ এলাকাগুলোতে বিশেষ বাসের সঙ্গে ৫০০ হলুদ রঙের রিকশা নামানো হয়। পরে আরও ৫০০-সহ মোট এক হাজার হলুদ রঙের রিকশা নামানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির পরিচালনায় চলছে এসব রিকশা।
প্রতিটি রিকশাতেই ভাড়ার তালিকা টানানো আছে। কিন্তু চালকেরা তা মানছেন না। গত সোমবার মাহিম আহমেদ বনানী কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এদিক-ওদিক ঘুরে কোনো রিকশা পাচ্ছেন না। তিনি বলেন, ‘কত যে কষ্ট হচ্ছে। একে তো দাঁড়ায়া থাকি, আবার পয়সাও বেশি দেই। একটা রিকশা পাইলে মানুষ হুমড়ি খাইয়া পড়ে। ওরা তো বেশি ভাড়া নিবেই।’
রিকশাসংকট, ভাড়া বেশি ছাড়াও বারবার রিকশা পরিবর্তন করার অভিযোগ করেছেন কয়েকজন। সব সড়কে এই রিকশা ঢুকতে পারে না। তখন এক রিকশা ছেড়ে অন্য রিকশা ভাড়া করতে হয়। তাঁরা আরও বলেন, অভিযোগের নির্দিষ্ট নম্বর রিকশায় লেখা থাকলেও ফোন দিয়ে কোনো কাজ হয় না।
বনানী সোসাইটির রিকশাচালক আহাদ আলী ভাড়া বেশি নেওয়া সম্পর্কে বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চালালে মালিককে ৩০০ টাকা জমা দিতে হয়। এর সঙ্গে নিজের খাবারের খরচ আছে। দিনে সাত শ টাকা আয় হলে জমাসহ দিন শেষে দুই শ টাকার মতো থাকে। তাই তাঁরা কিছু বাড়তি ভাড়া চেয়ে থাকেন। নিকেতন সোসাইটির এক রিকশাচালকও একই কথা বললেন।
গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত প্রথম আলোকে বলেন, নতুন করে রিকশা নামানো হবে না। তবে প্রতিটি সড়কে ছোট ছোট কিছু বাস নামানোর কথা চলছে। ডিএনসিসি ও ডিএমপির সঙ্গে আলোচনা করে এসব বাস চালু করা হতে পারে। ভাড়া বেশি আদায় নিয়ে বলেন, গুলশানে এ সমস্যা কমে গেছে। অভিযোগের প্রমাণ পেলে তাঁরা ব্যবস্থা নেন।