রিকশাকে চাপা দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল ট্রাকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশায় করে বাড়ি ফিরছিলেন শোভন (২৪)। হঠাৎ তাঁকে বহনকারী রিকশাটি পেছন থেকে চাপা দেয় দ্রুতগামী একটি ট্রাক। কিন্তু এখানেই শেষ নয়। ঘাতক চালক রিকশার আরোহীকে চাপা দেওয়ার পর এর চালকসহ রিকশাটি ট্রাকের নিচে ফেলে টেনে হিঁচড়ে সামনের দিকে এগোতে থাকে।

এক পর্যায়ে এলাকাবাসী ধাওয়া দিয়ে ট্রাকটি থামাতে বাধ্য করে। কিন্তু ততক্ষণে না ফেরার দেশে চলে গেছেন রিকশা চালক (৩০)। আর রিকশার আরোহী শোভন মারা যান ট্রাকের প্রথম ধাক্কাতেই।

আজ শনিবার দুপুর দুইটার দিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও–দিনাজপুর মহাসড়কের বিজিবি সদর দপ্তর এলাকায় একটি ট্রাক পেছন থেকে রিকশাকে ধাক্কা দেয়। কিন্তু ট্রাকটি না থেমে রিকশাটিকে টেনে হিচড়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে আশেপাশের লোকজন ধাওয়া দিয়ে চালক ট্রাক থামিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চালকের সহকারি তোয়াবুর রহমান (৩৫) এবং ট্রাকটিকে আটক করে। পরে তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়।

নিহত শোভনের বাড়ি শহরের নিশ্চিন্তপুর এলাকায়। তাঁর বাবার নাম গাওসুল আজম। সে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসা করতেন। আর রিকশা চালকের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) কফিল উদ্দিন বলেন, দুর্ঘটনার পর লোকজন চালকের সহকারিসহ ট্রাকটি আটক করে। তবে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।