রিকশাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে আচমকা সামনে এসে পড়া রিকশাকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছেন মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলাম (২২)।
আরিফের বাবার নাম মীর আশরাফ আলী। ৮৮ নম্বর দক্ষিণ কমলাপুর, মতিঝিলে তাঁদের বাড়ি।
আমাদের ঢাকা মেডিকেল সংবাদদাতা কথা বলেন হাসপাতালে আসা নিহত আরিফের ভাই রুবাইয়াতের সঙ্গে। রুবাইয়াতের ভাষ্য, বাড়িতেই নতুন করে আরেকটি ভবন নির্মাণ করা হচ্ছে। আজ বেলা দেড়টার দিকে প্রয়োজনীয় রড-সিমেন্ট আনতে মোটরসাইকেলে করে আরিফুল খিলগাঁও যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ঠিকাদার আবু তালেব। পথে সবুজবাগ বিশ্বরোডে খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পথে একটি রিকশা আচমকা মোটরসাইকেলের সামনে এসে পড়ে। রিকশাটিকে বাঁচাতে গিয়ে আরিফুল মোটরসাইকেল নিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে মোটরসাইকেলে থাকা দুজনেই আহত হন। স্থানীয় লোকজন আবু তালেবের মোবাইল থেকে রুবাইয়াতকে ফোন দেয়। পরে তিনি (রুবাইয়াত) ও স্থানীয় কয়েকজন গুরুতর অবস্থায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।