রিকশাচালক ও নিরাপত্তা কর্মীকে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে এক বৃদ্ধ রিকশাচালককে মারধর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা। তাঁকে বাধা দেওয়ায় দুই নিরাপত্তাকর্মীকে বেধড়ক পিটিয়েছেন অন্য নেতা-কর্মীরা। গতকাল সোমবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নিরাপত্তাকর্মী লিটনকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ক্যাম্পাসের যেকোনো স্থানে রিকশাভাড়া ১০ টাকা। বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবাবিষয়ক সম্পাদক পরিসংখ্যান বিভাগের ৪০তম ব্যাচের বশিরুল হক একটি রিকশা থেকে প্রধান ফটকে নামলে বৃদ্ধ চালক ৩০ টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে রিকশাচালককে মারধর করেন বশিরুল। বশিরুলকেও পাল্টা চড় দেন রিকশাচালক। এতে বশিরুল ক্ষিপ্ত হয়ে রিকশাচালককে আবার মারধর শুরু করেন এবং ফোন করে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আসতে বলেন।

ওই সময় প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আমিনুল ইসলাম দুজনকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তিনি ব্যর্থ হলে আরেক নিরাপত্তাকর্মী লিটন এসে বশিরুলকে টেনে প্রধান ফটকে নিরাপত্তাকর্মীদের কক্ষে নিয়ে যান। ওই সময় ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায়সহ কয়েকজন নেতা-কর্মীরা এসে লিটন ও আমিনুলকে বেধড়ক পিটুনি দেন। খবর পেয়ে প্রক্টর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী প্রথম আলোকে বলেন, ‘এক ছেলে বৃদ্ধ রিকশাচালকে বেধড়ক মারছিল দেখে আমরা নিরাপত্তাকর্মীকে অনুরোধ করি ছেলেটিকে থামানোর জন্য। কিন্তু থামাতে গেলে তাঁদেরও মারধর করা হয়।’

মারধরের ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের নেতা মহিতোষ রায় বলেন, ‘আমার সঙ্গে কোনো ঝামেলা হয়নি।’ বশিরুল হক বলেন, ‘রিকশাচালকের সঙ্গে কথা-কাটাকাটি হওয়ায় নিরাপত্তাকর্মী আমাকে বেঁধে রাখতে চেয়েছিল। তাই একটু ঝামেলা হয়েছে কিন্তু মারামারি হয়নি।’