রিকশাচালক ও মাছ ব্যবসায়ী খুন
বগুড়ায় গতকাল শনিবার যাত্রীবেশী দুর্বৃত্তদের হাতে জাহাঙ্গীর আলম (২৭) নামের এক রিকশাচালক খুন হয়েছেন। একই দিনে রাজশাহী নগরের রামচন্দ্রপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে খুন হয়েছেন আবদুর রাজ্জাক (২৮) নামের এক মাছ ব্যবসায়ী।
বগুড়া সদর থানার পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে জাহাঙ্গীর রিকশা নিয়ে শহরে বের হন। এ সময় যাত্রীবেশে দুই দুর্বৃত্ত তাঁর রিকশায় ওঠে। উপশহর হাউজিং স্টেট এলাকার সুবিল খালের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা জাহাঙ্গীরের হাত-পায়ের রগ কেটে ও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রিকশার পাশে জাহাঙ্গীরকে আহতাবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়েজুর রহমান বলেন, জাহাঙ্গীর আলম একজন রিকশাচালক। যাত্রীবেশী দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জাহাঙ্গীরের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি স্ত্রীকে নিয়ে বগুড়ার ঝোপগাড়ি এলাকার ওলিরবাজারে ভাড়াবাড়িতে থাকতেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে রামচন্দ্রপুরে আবদুর রাজ্জাকের সঙ্গে প্রতিবেশী কাঠমিস্ত্রি সাইদুর রহমানের (২৯) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজ্জাককে ছুরিকাঘাত করেন সাইদুর। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই শরীফ উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা করেছেন।