রিকশাচালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ায় একজন ব্যবসায়ীর বাসায় রঞ্জু প্রামাণিক (৩৫) নামের এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ী ও তাঁর ছেলের ছুরিকাঘাতে ওই রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। রঞ্জু সদর উপজেলার বড়মোহর গ্রামের আবদুল জব্বার প্রামাণিকের ছেলে।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, শহরের নামাজগড় এলাকার সামাদ ইলেকট্রনিকসের মালিক সারোয়ার হোসেনের সুলতানগঞ্জ পাড়ার বাসভবন থেকে দুপুরে রঞ্জুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন সারোয়ারের কর্মচারী আবদুস সোবহান। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, এক সন্তানের জনক রঞ্জু ওই ব্যবসায়ীর পাশের বাসায় ভাড়া থাকতেন। সেই সুবাদে ব্যবসায়ীর পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সারোয়ারের কর্মচারী সোবহান গতকাল দুপুরে বাসায় খেতে গেলে তাঁর সামনেই ব্যবসায়ী ও তাঁর ছেলে রাহাত রিকশাচালককে ছুরিকাঘাত করেন বলে ওই কর্মচারী তাঁদের জানান। ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে রঞ্জুকে বাবা ও ছেলে মিলে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে।