রিকশাচালক জেলে, অনাহারে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ গত রোববার আবুল ইসলাম (৪৫) নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁর পরিবার অনাহারে দিন কাটাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার মামলার শুনানি শেষে আবুল ইসলামের জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ২২ জুন বিস্ফোরক আইনে হওয়া এক মামলায় আবুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলার বাদী নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে একজন দরিদ্র রিকশাচালকের পক্ষে নাশকতায় জড়িত থাকার সম্ভাবনা কতটা যুক্তিসংগত—এমন প্রশ্নের সরাসরি জবাব না করে দিয়ে ওসি বলেন, ‘আবুল ইসলামের একজন আত্মীয়কে আমার কাছে পাঠিয়ে দিন, আমি জামিনের ব্যবস্থা করে দিব।’
আবুলের স্ত্রী রিনা আক্তার প্রথম আলোকে বলেন, রোববার রাত তিনটার দিকে পুলিশ তাঁর স্বামীকে ঘুম থেকে ডেকে তোলে। আসামির খোঁজ দেওয়ার জন্য তারা আবুলকে ডেকে নিয়ে গাড়িতে ওঠায়। তিনি বলেন, ‘স্বামীরে ধইরা নিয়া যাবার পর গেরামের বিভিন্ন মাইনষ্যের কাছে গিয়া জানাইছি। কিন্তু, কেউ কিছুই কই তো পারে না। পুলিশ ধইরা নেওনের পর থাইক্কা আমি দুই সন্তান নিয়া না খাইয়া দিন কাডাইতাছি।’
নান্দাইল ইউনিয়নের নারী ইউপি সদস্য পারভীন আক্তার বলেন, ‘আবুল ইসলাম কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি কীভাবে নাশকতার কাজে জড়িত থাকতে পারেন, বুঝতে পারছি না।’
জানতে চাইলে নান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু সাঈদ বলেন, আবুল ইসলামকে কোনো দিন মিছিল-সমাবেশে দেখা যায়নি।