রিকশাচালক মুন্নাফকে এখনো ছাড়েনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি নাগরিক হত্যা
জাপানি নাগরিক হত্যা

রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশিকে বহনকারী রিকশাচালক মুন্নাফ আলীকে কোনো আইনি ব্যাখ্যা ছাড়াই এখনো থানায় আটকে রাখা হয়েছে। মুন্নাফের মা মনোয়ারা বেগম ও স্ত্রী রেখা বেগম গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোর কাছে এ অভিযোগ করেন। তবে পুলিশের দাবি, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে রিকশাচালক মুন্নাফকে ছেড়ে দেওয়া হয়েছে—পুলিশের কাছ থেকে এ খবর পাওয়ার পর প্রকৃত অবস্থা জানতে সন্ধ্যায় শহরের মাহিগঞ্জ সাতমাথার পাশে পাটবাড়ি এলাকায় তাঁর বাড়িতে যান এই প্রতিবেদক। এ সময় তাঁর স্ত্রী রেখা বেগম বলেন, ‘কই, ওমরাতো (স্বামী) আইসে নাই। ওমার সাথোত গেল বৃহস্পতিবার কাউনিয়া থানাত দেখা করি আসছি।’ মুন্নাফের মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার বুকের ধন বুকে ফিরিয়া দেও, বাবা।’ তিনি আরও বলেন, ‘আইজ (গতকাল) মাইনষের কাছোত হাত পতিয়া আধা কেজি চাউল পাছি। সেইটা দিয়া আইজকা কোনো রকমে চলবে।’
মুন্নাফকে আটকে রাখা-সংক্রান্ত পরিবারের বক্তব্য যাচাই করতে এই প্রতিবেদক রাত সাড়ে আটটায় মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। ওসি প্রথম আলোকে বলেন, ‘মুন্নাফকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি আবার থানায় এসেছেন। এখানেই থাকবেন। তবে তাঁকে আটক কিংবা গ্রেপ্তার, কোনোটাই নয়।’ তা হলে যত দিন প্রকৃত আসামি ধরা পড়বে না, তত দিন কি মুন্নাফকে থানায় আটকে রাখা হবে—এই প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বিষয়টি ঠিক তেমন না। তাঁর নিরাপত্তার জন্যই এমন করা হচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হলে শনাক্ত করার জন্য তাঁকে (মুন্নাফ) থানায় রাখা হয়েছে।
কুনিও হত্যা মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আসামি করা হয়েছে। এই দুজনের মধ্যে কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরা ও মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব কারাগারে আছেন।
গত ৩ অক্টোবর সকালে জাপানি নাগরিক কুনিও হোশি কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামের খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। গতকাল প্রথম আলোয় ‘রিকশাচালক মুন্নাফ আবার থানায়, আইনি ব্যাখ্যা নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।