রিকশাচালককে পিটিয়ে হত্যা, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় ভাড়া বেশি দাবি করায় রিকশাচালক হাসান মোল্লাকে পিটিয়ে হত্যার অভিযোগে শনিবার রাতে মামলা হয়েছে। নিহত হাসানের স্ত্রী মনোয়ারা খাতুন বাদী হয়ে দুই রিকশাযাত্রীসহ তিনজনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন।সদর থানার উপপরিদর্শক (এসআই ) নূরে আলম জানান, এ মামলার আসামিরা হলেন: পাবনা পৌর এলাকার বালিয়াহালট মহল্লার আইরিন কিবরিয়া, তাঁর স্বামী গোলাম কিবরিয়া ও ভাগনে শামীম হোসেন। মামলার প্রধান আসামি আইরিন কিবরিয়াকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।মামলার এজাহারে বাদী মনোয়ারা খাতুন উল্লেখ করেন, তাঁর স্বামী হাসান মোল্লা তাঁর রিকশায় শনিবার বিকেলে আইরিন কিবরিয়া ও তাঁর ভাগনে শামীম হোসেনকে নিয়ে যোগীপাড়া মহল্লায় আসেন। সেখানে মাত্র দুই টাকা ভাড়া বেশি দাবি করায় আইরিন কিবরিয়ার নির্দেশে অপর দুই আসামি তাঁর স্বামী হাসান মোল্লাকে পিটিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই হাসান মোল্লা মারা যান।মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই হুমায়ন আহম্মেদ বলেন, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আইরিন কিবরিয়াকে আটক করা হয়েছিল। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে হাসান মোল্লার লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদনে ঘাড়, মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।সদর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা রিকশাচালক হাসান মোল্লাকে (৪৫) শনিবার বিকেলে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গতকাল রোববার প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়।