রিকশাচালককে হত্যা তরুণীর লাশ উদ্ধার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় তোতা মিয়া (১৮) নামের এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকা থেকে তানিয়া আক্তার (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, তোতা মিয়া শুক্রবার সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল শনিবার সকালে ঢাকা-নীমতলা-সিরাজদিখান সড়কের সিঙ্গারটেক এলাকার একটি নিরিবিলি জায়গায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তাঁর পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মামলা করেছেন।
এদিকে তানিয়ার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া কালিয়াকৈরের তেলিরচালা এলাকার ফরহাদ ড্রাইভারের কলোনিতে স্বামী নজরুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি তৈরি পোশাককারখানায় চাকরি করতেন তিনি। তাঁর বেতনের টাকা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। স্বামী-স্ত্রীর কলহের জের ধরে গতকাল দুপুরে নিজ কক্ষের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন তানিয়া। অন্য ভাড়াটিয়ারা তাঁর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
তানিয়া শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরছায়াতলী গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে।