রিকশাচালককে হত্যা তরুণের লাশ উদ্ধার
পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় গোলজার হোসেন (৩২) নামের এক রিকশাচালককে গত শনিবার রাতে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। এ ছাড়া গত শুক্রবার বেড়া উপজেলার রূপপুর গ্রাম থেকে পুলিশ এক তরুণের লাশ উদ্ধার করেছে। গোলজার হোসেনের বাড়ি পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার নিকেরীপাড়ায়।পুলিশ ও নিহত রিকশাচালকের পরিবারিক সূত্রে জানা গেছে, গোলজার হোসেন শনিবার সন্ধ্যায় রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে শালগাড়িয়া মহল্লার রহমানিয়া ছাত্রাবাস নামের একটি মেসের সামনে এলাকাবাসী গোলজারের লাশটি পড়ে থাকতে দেখেন। সকাল সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। কেউ তাঁকে পিটিয়ে হত্যার পর ওই স্থানে ফেলে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য রহমানিয়া ছাত্রাবাসের মালিক ইকবাল হোসেনকে (৩৮) আটক করা হয়েছে। এদিকে, পাবনার বেড়া উপজেলার রূপপুর গ্রাম থেকে শুক্রবার রাতে পুলিশ সোলায়মান (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে। সোলায়মান বানিয়াপাড়া গ্রামের ইসলাম শেখের ছেলে। ২ জুলাই থেকে থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকাল নয়টার দিকে বেড়া থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।