পরকীয়ার জের ধরে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এক রিকশাচালকের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক নেতা খুন হয়েছেন। তাঁর নাম মামুনুর রশিদ ওরফে মাসুম (৩৫)। গতকাল শনিবার দুপুরে চান্দগাঁও থানাধীন ফরিদাপাড়ায় এ ঘটনা ঘটে। মাসুম উত্তর পতেঙ্গা ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।মাসুমের বাবা এম এ মোতালেব নগর আওয়ামী লীগের সাবেক সদস্য এবং মা নুরনাহার মোতালেব চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মহিলা কমিশনার।এলাকাবাসী ও মামুনের পরিবারের সদস্যদের বক্তব্যের বরাত দিয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘দুই বছর ধরে ফরিদাপাড়ার বাসিন্দা রিকশাচালক সাইফুল কবিরের স্ত্রীর সঙ্গে মাসুমের পরকীয়া চলছিল। এই সূত্র ধরে মাসুম ওই নারীকে টাকা-পয়সা দিতেন। বিষয়টি সাইফুল জানলেও আপত্তি করতেন না। গতকাল দুপুরে মাসুম সাইফুলের বাসায় যান। সেখানে একপর্যায়ে মাসুমের সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। মাসুম টাকা ফেরত চাইলে সাইফুলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল তাঁকে ছুরিকাঘাত করেন।’চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্বামী পরিচয় দিয়ে এক নারী মাসুমকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। সেখানে গিয়ে তারা ওই নারীকে আটক করে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসকেরা মাসুমকে মৃত ঘোষণা করেন।’