রিকশাচালকের দায়ের কোপে মালিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া নিয়ে বচসার জের ধরে সিলেটে এক রিকশাচালকের দায়ের কোপে রিকশার মালিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফাতেমা বেগম (৪০)। গত বুধবার বিকেলে নগরের আখালিয়া এলাকায় রিকশার কলোনিতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সন্ধ্যায় রিকশাচালক জামাল মিয়াকে পুলিশে হস্তান্তর করেন। পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকার আখালিয়ার বাসিন্দা ফাতেমা বেগমের বেশ কয়েকটি রিকশা আছে। বুধবার বিকেলে চালক জামাল ভাড়া না দিয়ে রিকশা রেখে যান। এ নিয়ে চালকের সঙ্গে তাঁর বচসা হয়। একপর্যায়ে জামাল দা দিয়ে ফাতেমার গলায় কোপ দিয়ে পালান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন সন্ধ্যায় জামালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করে।