রিকশাচালকের সততার দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশায় এক যাত্রীর ফেলে যাওয়া এক লাখ ৩০ হাজার টাকাভর্তি একটি ব্যাগ ওই যাত্রীকে ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন রিকশাচালক খোকন মিয়া। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে গতকাল বুধবার সকালে ব্যবসায়ী মকবুল প্রধান খুশি হয়ে খোকন মিয়াকে পাঁচ হাজার টাকা বকশিশ দেন।রিকশাচালক খোকন মিয়ার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার হরিপুর গ্রামে। তিনি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার চিতাশাল এলাকার শাজাহান পণ্ডিতের রিকশা চালান।রিকশাচালক খোকন মিয়া জানান, গত মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংকের বন্দর উপজেলার নবীগঞ্জ শাখার সামনে থেকে একটি কালো ছোট ব্যাগ হাতে এক ব্যক্তি কদমরসুল নূরবাগ এলাকায় যাওয়ার উদ্দেশে তাঁর রিকশায় ওঠেন। তিনি নূরবাগে নেমে রিকশাভাড়া পরিশোধ করে চলে যান। ভুলে রিকশায় তাঁর ব্যাগটি রেখে যান। বিষয়টি খোকনের নজরও এড়িয়ে যায়। ওই এলাকা থেকে বন্দরে যাওয়ার জন্য অন্য দুই যাত্রী তাঁর রিকশায় ওঠেন। তাঁরাও নির্ধারিত স্থানে নেমে যান। এরপর খোকনের নজরে পড়ে ব্যাগটি। ব্যাগ খুলে খোকন দেখতে পান বিপুল পরিমাণ টাকা। তিনি সিদ্ধান্ত নেন, টাকাসহ ব্যাগটি গ্যারেজ মালিকের কাছে জমা রেখে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করবেন। এ জন্য তিনি মাইকিংয়ের সিদ্ধান্ত নেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মাইকিং করা হয়। দুপুরে টাকার প্রকৃত মালিক মকবুল প্রধান শাজাহান পণ্ডিতের গ্যারেজে আসেন এবং উপযুক্ত প্রমাণ দিয়ে টাকা বুঝে নেন। খুশি হয়ে মকবুল রিকশাচালক খোকনকে পাঁচ হাজার টাকা বকশিশ দেন।ব্যবসায়ী মকবুল প্রধান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘টাকাটা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। আমি অত্যন্ত আনন্দিত। এই সততার জন্য আমি খোকনকে ধন্যবাদ জানাই।’সততার দৃষ্টান্ত স্থাপনকারী খোকন বলেন, ‘টাকার ব্যাগটি প্রকৃত মালিককে ফেরত দিতে পেরে ভালো লাগছে। কারণ অন্যের টাকা নিজে খরচ করার মধ্যে কোনো সুখ নেই।’