রিকশাভাড়ার নীতিমালা হচ্ছে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাযাত্রী ও চালক একজন আরেকজনের দিকে তেড়ে আসছেন। আশপাশের কয়েকজন পথচারী তাঁদের থামানোর চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার নগরের কোর্টপয়েন্ট এলাকার দৃশ্য এটি। জানা গেছে, রিকশাচালক মাত্রাতিরিক্ত ভাড়া চাওয়ায় এ বচসা হয়েছে।
নগরে যাত্রী ও রিকশাচালকদের এই চিত্র প্রতিদিনের। দূরত্ব অনুযায়ী ভাড়া আদায়ের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় রিকশাচালকেরা প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া চাইছেন বলে অভিযোগ যাত্রীদের।
সৈয়দ তাহের উদ্দিন নামের ওই রিকশাযাত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমি তালতলা থেকে কোর্টপয়েন্ট এসেছি। চালক ২০ টাকা দাবি করে বসেছে। অথচ এই দূরত্বের জন্য চালককে সর্বোচ্চ ১০ টাকা দেওয়া যেতে পারে।’ এ সময় পাশে দাঁড়ানো রিকশাচালক কতুব মিয়া বলেন, ‘তালতলা থেইক্যা এখানে আইলে মানুষজন আপনাআপনিই ২০ টাকা দেয়। ইটা কওয়া লাগে না!’ এ সময় আশপাশের কয়েকজন জানান, প্রায় সময়ই চালকেরা সকাল, দুপুর, রাত কিংবা গরম-বৃষ্টির দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া দাবি করেন।
নগরের দাড়িয়াপাড়া, সেনপাড়া, লামাবাজার প্রভৃতি এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, কদমতলী এলাকায় নগরের সবচেয়ে বড় বাসস্ট্যান্ড অবস্থিত। সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার পাশাপাশি দেশের নানা অঞ্চল থেকে আসা লোকজন এখানেই প্রথমে নামেন। গন্তব্যে যেতে চাইলে রিকশাচালকেরা তাঁদের কাছ থেকে সুযোগ বুঝে বেশি টাকা আদায় করেন। ঢাকা থেকে দুই বছর আগে সিলেটে রিকশা চালাতে আসেন নীলফামারীর খায়রুল মিয়া। ভাড়া বেশি চাওয়ার বিষয়ে তিনি বলেন, সিলেট লন্ডন-অধ্যুষিত এলাকা বলে ঢাকার তুলনায় এখানে ভাড়া বেশি। আর যাত্রীদের কাছে তাঁরা যে ভাড়া দাবি করেন, যাত্রীরা সেটি দিয়ে দেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, রিকশাযাত্রীদের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখেই দীর্ঘদিন ধরে রিকশাভাড়ার একটি নীতিমালা তৈরির জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষ কাজ করে চলেছে। মাস খানেক আগে এ নিয়ে কাউন্সিলর ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। নীতিমালা বাস্তবায়নের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।