রিকশাভ্যানে চড়ে গ্রাম ঘুরলেন প্রধানমন্ত্রী

পরিবারের সদস্যদের নিয়ে রিকশাভ্যানে চড়লেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখলেন নিজের গ্রামের প্রকৃতি। কথা বললেন গ্রামের মানুষের সঙ্গে, খোঁজখবর নিলেন তাঁদের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামে গতকাল রিকশাভ্যানে চড়েন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বেলা ১১টার দিকে রিকশাভ্যানে চড়ে প্রায় ১৫ মিনিট গ্রামটি পরিদর্শন করেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতিসৌধ থেকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত যান।
রিকশাভ্যানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, তাঁর স্ত্রী পেপি সিদ্দিক, তাঁদের মেয়ে লিলা তুলি সিদ্দিক ও ছেলে কায়াস মুজিব সিদ্দিক।
কায়াস মুজিবকে কোলে নিয়ে ভ্যানে বসেন শেখ হাসিনা। গ্রামের বিভিন্ন স্থানে ভ্যান থামিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে প্রাণ খুলে কথা বলেন এবং তাঁদের কুশলাদির খোঁজ-খবর নেন। মানুষকে আরও অবাক করে দিয়ে ফেরার পথে এই এক কিলোমিটার রাস্তা হেঁটে আসেন প্রধানমন্ত্রী।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় মানুষ প্রাণ খুলে তাঁর কাছে সুখ-দুঃখের কথা বলেন। এ সময় তাঁরা তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরলে শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী ১১তম জাতীয় রোভার মুট উদ্বোধনের জন্য আগের দিন বৃহস্পতিবার দুই দিনের সফরে গোপালগঞ্জে যান। মুট উদ্বোধনের পর তিনি টুঙ্গিপাড়ায় যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে শরিক হন।
এর আগে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় বর্তমানে গোপালগঞ্জ আওয়ামী লীগ অফিস হিসেবে ব্যবহৃত বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি পরিদর্শন করেন। শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে রাত যাপন করেন এবং গতকাল বিকেলে ঢাকায় ফেরেন।