রিকশায় পিকআপের ধাক্কা, মা ও ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি রিকশাকে পেছন থেকে পিকআপ ভ্যানের ধাক্কা দেওয়ার ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে মেয়ে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মা শাকিলা ইসরাত ঝুমুর (৩০) ও ছেলে হামিম (৪)। আহত মেয়ের নাম রিতু (৯)।
ঝুমুরের স্বামী মাইনুল ইসলাম জানান, শনির আখড়া এলাকায় তাঁদের বাসা। সকালে তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটের পেছনে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় এ দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর বেলা পৌনে ১২টার দিকে গুরুতর আহত মা ও তাঁর দুই সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এমদাদ ও সুমন নামের দুই পথচারী। তাঁরা বলেন, হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, আহত রিতুকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাতুয়াইল এলাকায় দায়িত্ব পালনকারী যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এএসআই) আবদুল আউয়াল জানান, ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে।