
গাড়ির দৌড়, বাইকের দৌড়, এমনকি জলযানের দৌড়—রেসিং গেম আছে অনেক। কিন্তু রিকশার গেম খুঁজে পাওয়া মুশকিল। আর স্মার্টফোনে খেলার উপযোগী ‘রিকশা রেসিং’ গেম বানিয়েই বাজিমাত করল খুলনা বিশ্ববিদ্যালয়ের আসগার্ডিয়ান দল। তারা জিতে নিয়েছে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর প্রথম পুরস্কার ১০ লাখ টাকা। বিজয়ী দলের সদস্যরা হলেন ফেরদৌস বিন আলী, রিয়াদ জোনায়েদ, অনিরুদ্ধ পৃথুল ও পরিচয় মণ্ডল।
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে গতকাল রোববার বিকেলে অ্যাপস প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত পর্বে ১৬টি নির্বাচিত অ্যাপের মধ্যে ১০টি অ্যাপ পেয়েছে পুরস্কার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘তরুণেরাই বাংলাদেশকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে। তাদের সুবিধার জন্য অনলাইনে অর্থ লেনদেনের বিভিন্ন বিষয় সহজ হয়েছে। বিষয়টি আরও সহজ করতে তরুণদের সহযোগিতা চাই।’
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী অনুষ্ঠানে বলেন, ‘অ্যাপ শব্দটি নতুন হলেও এখন খুবই জনপ্রিয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এ শব্দটি এখন পরিচিত। আমাদের তরুণেরা অ্যাপ তৈরি থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির বিভিন্ন কাজে দারুণ সফলতা দেখাচ্ছে। আমাদের মেধাভিত্তিক উদ্যোগগুলোকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘আমাদের দেশে মোবাইল ফোন থেকেই বেশি ইন্টারনেট ব্যবহার করা হয়। মোবাইল অ্যাপের মাধ্যমে সব ধরনের সেবা নিশ্চিত করতে অ্যাপ তৈরির উদ্যোগে তরুণদের সব ধরনের সহায়তা করা হবে।’
অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বক্তৃতা করেন। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন প্রধান বিচারক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। বিস্তারিত তুলে ধরেন ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন। পুরস্কার বিতরণ শেষে গান করেন সংগীতশিল্পী দিনাত জাহান ও তাঁর মেয়ে প্রেরণা, অণিমা রায় ও মিনার।
প্রতিযোগিতায় পাঁচ লাখ টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইকিংস রি-ইন্টারকানেকটেড দলের তৈরি ‘নিশ্চিত সুরক্ষা (সেফটি এনশিওরড)’ অ্যাপ। এ দলের সদস্যরা হলেন মো. আল-জিহাদ ও সাদ আহমেদ। তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা পেয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘ঝড়’ দলের তৈরি এক্সপ্লোরিং বাংলাদেশ অ্যাপ। এই দলে আছেন মো. মশি মাসনাদ, মো. নাফিজ হাসান খান, মো. সিহাবুজ্জামান ও সিহাব হাসান। বিশেষ পুরস্কার পেয়েছে অ্যাংরি কোডার্স দলের তৈরি করা ড. হুলু’স ল্যাব নামের একটি গেম। এর বাইরে আরও ছয়টি দল পুরস্কার পেয়েছে। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপযোগী অ্যাপগুলো পাওয়া যাবে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইটে।
ইএটিএল ও প্রথম আলো আয়োজিত তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতার অংশীদার ছিল আইসিটি বিভাগ, গ্রামীণফোন, চ্যানেল আই ও এবিসি রেডিও।