রিকশার প্যাডেলে ৮৫ বছর
শীতের হিমেল ভোরে রাজধানী যখন সরব হয়ে উঠতে শুরু করেছে, তখনই মিরপুর ১৩ নম্বর সেকশনে যাত্রী খুঁজে বেড়াচ্ছেন একজন রিকশাচালক। অন্য দশজন রিকশাচালক থেকে সহজেই আলাদা করা যায় এই অশীতিপরকে। এই বয়সে তাঁর যখন বিশ্রামে থাকার কথা, শুয়ে বসে ধর্মকর্ম করে দিন কাটানোর কথা, সেখানে তিনি ৮৫ বছরের দেহটাকে সঁপে দিয়েছেন রিকশার কায়িক আসনে। তাঁর দায়-ঠেকা জীবন বয়ে বেড়াচ্ছে জীবিকার বোঝা।
কিছুদিন আগেও এই রিকশাচালক ইয়াসিন মিয়ার ছিল সাজানো-গোছানো সংসার। ভোলার মির্জাখালী এলাকায় ফসলি জমি, ভিটেবাড়ি নিয়ে সচ্ছল জীবন ছিল তাঁর। দেড় বছর আগে রোগে ভুগে মারা গেছেন তাঁর ৫০ বছর বয়সী একমাত্র ছেলে আবুল কালাম। একই বছর নদীভাঙনে তাঁর ফসলি জমি, ভিটেবাড়ি সবই গেছে। গ্রামে কাজ নেই। তাই বাধ্য হয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে এসেছেন তিনি। লক্ষ্য একটাই—কাজের বিনিময়ে দুবেলার অন্ন জোগাবেন।
মিরপুর ১৩ নম্বর বাইশটেকি বস্তিতে একটি ছোট ঘর ভাড়া নিয়েছেন ২ হাজার ৪০০ টাকায়। কিন্তু বয়স হয়েছে বলে সহজে কেউ তাঁকে কাজ দিতে চায় না। বাধ্য হয়ে পরিচিত এক ব্যক্তির গ্যারেজ থেকে রিকশা নিয়ে চালাতে শুরু করেছেন। ঢাকার বড় বড় সড়কে রিকশা চালানোর সাহস বা শক্তি তাঁর নেই। আবার ভাঙা সড়কে রিকশার প্যাডেল চাপতেও কষ্ট হয়। এমনই উভয়সংকট তাঁর। এরপরও কারও কাছে হাত পাততে নারাজ ইয়াসিন মিয়া।