রিকশায় আগুন দিল পুলিশ!

সড়কের মাঝে দাউ দাউ করে জ্বলছে আগুন। তার দিকে তাকিয়ে জনা দশেক রিকশাওয়ালা। পাশেই পুলিশের গাড়ি। আগুনের দিকে তাকিয়ে আছেন পুলিশের কেউ কেউ।
না, এ আগুন কোনো সন্ত্রাসী কিংবা দুর্বৃত্ত দেয়নি। কোনো বিক্ষোভও নয়। এক রিকশাওয়ালাকে শাস্তি দিতে খোদ পুলিশই রিকশার সিটে আগুন ধরিয়ে দিয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর রমনা থানার পরীবাগ এলাকায় ঘটেছে এ ঘটনাটি।
সড়কের মাঝে এভাবে আগুন জ্বলতে দেখে ঘটনাস্থলে উপস্থিত এ প্রতিবেদক পুলিশের এক সদস্যদের কাছে ঘটনার কারণ জানতে চান। পুলিশের ওই সদস্য বলেন, ‘খারাপ মহিলাদের কাছে গেছিল। তাই তারে এই শাস্তি দিছি।’ এ কথা বলতে বলতে অন্য রিকশাওয়ালাদের সতর্ক করে পুলিশের ওই সদস্য বলছিলেন, ‘তোরাও যদি যাস, তাইলে পুরা রিকশা পুইড়া দিমু।’
এমন ‘শাস্তি’ পাওয়ার পরও রিকশাওয়ালার নিস্তার মেলেনি। তাঁর রিকশাও আটকে রাখা হয়েছিল। ভুক্তভোগী রিকশাওয়ালা তাই কয়েকটি দশ টাকার নোট সাধছিলেন পুলিশের ওই সদস্যকে। পুলিশের সদস্য বললেন, ‘যা গাড়িতে স্যার বসা আছে। স্যারের কাছে যা।’ ওই রিকশাওয়ালা গাড়িতে থাকা ‘স্যারের’ কাছে টাকা দিয়ে রিকশা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। রিকশাওয়ালার নাম পরিচয় জানা যায়নি।
গাড়িতে যে স্যার বসা তিনি রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুজিবুর রহমান। পরে মুঠোফোনে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ায় শাস্তি দিছি।’ এভাবে সিটে আগুন দেওয়া কি আইনে আছে? জানতে চাইলে মুজিবুর রহমান বলেন, ‘না, আইনের দিকে গেলে তো অনেক সময় লাগত। তাই শটকাট শাস্তি দিছি।’
কিছুক্ষণ অবস্থান করার পর ঘটনাস্থল থেকে চলে যায় পুলিশের গাড়ি। তারপর অন্য রিকশাওয়ালারা পুলিশের বিষোদগার করতে থাকেন। তাঁরা বললেন, রিকশার একটি নতুন সিটের দাম প্রায় ৫০০ টাকা। আরেকজন বলছিলেন, ‘গরিব লোকডার সিটও পুড়াইল, টাকাও দিতে হইল। পুলিশও দেখি আগুন দেয়। এডা কেমন শাস্তি?’