রিকশায় ২০, ভ্যানে ১০
ধানমন্ডির ৮/এ-এর (পুরোনো ১৫) স্টাফ কোয়ার্টার রোড ধরে এগোলে রায়েরবাজার হাইস্কুলের আগের মোড়টিতে গতকাল দুপুরে ছিল হাঁটুপানি। এলাকাবাসীর অভিযোগ, একটু বৃষ্টি হলেই সেখানে পানি জমে যায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের অধীন এ এলাকার রাস্তাটিও ভাঙাচোরা।
লামিয়া রহমান বিশ্ববিদ্যালয় থেকে বাসায় যাবেন। হাঁটার দূরত্ব, কিন্তু আটকে গেলেন পানির জন্য। এই পানিটুকু পার হতে রিকশা বা ভ্যানে ওঠা ছাড়া তাঁর উপায় নেই। তিনি বলেন, ‘বৃষ্টি হলেই বিপদ, হাঁটুপানি। দুই মিনিটের জন্য এখন রিকশা নিতে হবে।’
গতকাল রোববার সকাল থেকেই বৃষ্টি ছিল। দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, রিকশার পাটাতন ছুঁইছুঁই পানি। রিকশা ও ভ্যানচালকেরা ‘পানি পার ২০ টাকা, পানি পার ১০ টাকা’ বলে যাত্রী তুলছেন। কেউ কেউ কাপড় গুটিয়ে পানির মধ্য দিয়েই হেঁটে যাচ্ছেন। আবার কেউ বাধ্য হয়ে রিকশা বা ভ্যানে চড়ে রাস্তাটুকু পার হচ্ছেন।
মনিরা বেগম ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় যাচ্ছেন। তিনি বলেন, ‘প্রতিবছর এই সমস্যা হয়। কিন্তু কেউ নাই দেখার। হাঁটাও
যাবে না, আবার রিকশায় উঠলে ভয় লাগে, যখন-তখন উল্টে যেতে পারে।’
শুধু পানিই না, এখানকার রাস্তার অবস্থাও খারাপ। জুতার দোকানগুলোর সামনে থেকে রায়েরবাজার হাইস্কুল পর্যন্ত রাস্তাটি বিভিন্ন স্থানে ভাঙা। বৃষ্টি হলে কিছু কিছু জায়গায় মানুষের হাঁটার অবস্থাও থাকে না।
রায়েরবাজারের ব্যবসায়ী মো. লিটন এ রাস্তায় নিয়মিত যাতায়াত করেন। তিনি বলেন, ‘প্রতিবছরই কী কী যেন খোঁড়াখুঁড়ি করে, কিন্তু রাস্তা যেমন, তেমনই থাকে। রিকশায় ঝাঁকি খেতে খেতে যেতে হয়।’
ব্যস্ত এ সড়কটিতে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। কিন্তু এলাকাবাসী বলছেন, প্রতিবারই রাস্তা খোঁড়াখুঁড়ির সময় তাঁরা আশা করেন আর পানি পার হতে হবে না। কিন্তু বৃষ্টি হলেই আগের মতো হয়ে যায়।
ডিএসসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন বলেন, ‘আমি কালই ইঞ্জিনিয়ার পাঠাব। কেন জলাবদ্ধতা হচ্ছে, দেখতে হবে।’