রিকশা-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়রানি বন্ধ ও লাইসেন্স দেওয়ার দাবিতে বরিশালের ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক-শ্রমিকেরা বিক্ষোভ করেছেন৷ গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে তাঁরা নগর ভবনের সামনে লাইসেন্সবিহীন শতাধিক ইজিবাইক রেখে অবরোধ সৃষ্টি করেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন৷
অবরোধ চলাকালে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দিলে বরিশালে সাত হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন৷ মানবিক দিক বিবেচনায় নিয়ে ব্যাটারিচালিত রিকশার বৈধতা দেওয়ার দাবি জানান তাঁরা৷
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধে সিটি করপোরেশন কোনো ব্যবস্থা নেয়নি৷ সরকারের নির্দেশে পুলিশ এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে৷ সরকার নিষিদ্ধ করায় এগুলোর লাইসেন্সও দেওয়া যাচ্ছে না৷