রিকুইজিশন 'আতঙ্কে' গাড়ি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়। গত শনিবার রাত নয়টার দিকে সেখানে কথা হয় ব্যবসায়ী হাবিবুর রহমানের সঙ্গে। ফটিকছড়ি যাওয়ার জন্য দুই ঘণ্টা ধরে তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। কিন্তু গাড়ি পাচ্ছেন না। হাবিবুর রহমানের মতো আরও অনেককে সেখানে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।
পরিবহনমালিকেরা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কাজে ব্যবহারের জন্য পুলিশ গাড়ি রিকুইজিশন করায় আতঙ্কে রাস্তায় গাড়ি বের করছেন না তাঁরা। এ কারণে চার দিন ধরে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কমে গেছে। এ কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাসচালক মো. বেলাল জানান, রিকুইজিশনের ভয়ে চার দিন ধরে গাড়ি বের করছেন না তিনি। পুলিশকে টাকা দিয়ে অনেকে পার পেয়ে গেছেন।
পুলিশ জানায়, বাস-মিনিবাস ৫৫০টি, মাইক্রোবাস ৩০০টি, পিকআপ ৩৫টি ও ৩০টি টেম্পো রিকুইজিশন করা হয়েছে। সোমবার (আজ) সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে গাড়িগুলো ৭১৯টি ভোটকেন্দ্রে চলে যাবে।
বিআরটিএর চট্টগ্রাম সার্কেলের সহকারী পরিচালক তৌহিদুল হোসেন জানান, চট্টগ্রাম জেলায় ২ হাজার ৪৮৩টি বাস-মিনিবাস চলাচল করে। এ ছাড়া মাইক্রোবাস ও হিউম্যান হলার চলে ২ হাজার ৩৬৫টি এবং টেম্পো চলে ১ হাজার ৯১টি।
গতকাল দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে গিয়ে দেখা যায়, সেখানে প্রচুর বাস। মাঠটি যেন বাস টার্মিনাল। পাশের আরেকটি মাঠ মাইক্রোবাস ও টেম্পোতে ভরে আছে। মাঠের আশপাশে শুয়ে-বসে আছেন চালক ও তাঁদের সহকারীরা। মিনিবাসের চালক মো. জুলহাস বলেন, ‘গত শুক্রবার পুলিশ গাড়ির কাগজপত্র নিয়ে নির্বাচনের কাজে গাড়ি আনতে বলে। পুলিশের কথামতো শনিবার সন্ধ্যায় দামপাড়া পুলিশ লাইনে গাড়ি নিয়ে আসি। মঙ্গলবার সকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। এখনো পুলিশের কাছ থেকে খাবারের টাকা পাইনি।’ একই অভিযোগ মাইক্রোবাসের চালক মো. রাজুর।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী কাজে ব্যবহারের জন্য গাড়িগুলো রিকুইজিশন করা হয়েছে। রিকুইজিশনের নামে পুলিশ টাকা নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে—এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, নিয়ম অনুযায়ী চালকদের দৈনিক ২০০ টাকা করে দেওয়া হবে। কেন চালকেরা টাকা পাচ্ছেন না, তা খতিয়ে দেখা হবে।
চট্টগ্রাম জেলা পরিবহন মালিক সমিতির মহাসচিব মঞ্জুরুল আলম জানান, পুলিশের চাহিদামতো গাড়ি দেওয়া হয়েছে। তিনি বলেন, চালকদের জন্য বরাদ্দ করা টাকা দিয়ে একজন লোকের দুই বেলা খাবার ও নাশতা হয় না। নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, নির্বাচনী কাজে ব্যবহারের জন্য গাড়ি রিকুইজিশন করতে বলা হয়েছে।