রিক্রুটিং এজেন্সিগুলো ব্যবসা করবে, তবে শোষণ করে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে চাকরিপ্রার্থীদের জন্য বিশ্ব কর্মসংস্থান বাজারের সুবিধা পেতে প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রিক্রুটিং এজেন্সিগুলো অবশ্যই ব্যবসা করবে, কিন্তু মানুষকে শোষণ করে নয়। 
গতকাল রোববার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের ১৫৯টি দেশে বাংলাদেশের চাকরির বাজার সম্প্রসারিত হয়েছে। আন্তর্জাতিক চাকরির বাজারে আমাদের জনশক্তির অধিকতর সম্ভাবনা রয়েছে। এ জন্য আমাদের জনশক্তির অধিকতর প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।’
প্রধানমন্ত্রী তাঁর প্রতিটি মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এই মন্ত্রণালয়ে যান। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কর্মসূচি সম্পর্কে খোঁজখবর নেন ও কাজের গতিশীলতার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
নৌকা, ট্রলার ও ছোট জাহাজে করে সমুদ্রপথে বিদেশে লোক পাঠাতে কিছু রিক্রুটিং এজেন্সি ও অসাধু চক্রের অবৈধ কর্মকাণ্ডের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রাণঘাতী চেষ্টার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো বন্ধ করার জন্য নয়, বরং তাদের আইন ও নীতি মেনে বিদেশে লোক প্রেরণে উৎসাহিত করতে সরকারি পর্যায়ে (জিটুজি) জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘প্রথমে বেসরকারি এজেন্সিগুলো আমাদের এ উদ্যোগের বিরোধিতা করেছে। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে জনশক্তি রপ্তানি স্থিতিশীল রাখতে এ খাতের দুর্নীতি রোধ ও অবৈধ চর্চা বন্ধে সরকারি এ উদ্যোগের প্রয়োজন ছিল।’ জনশক্তি রপ্তানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন করেছে বলে জানান প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও সচিব খন্দকার শওকত হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিদেশে চাকরিপ্রার্থী অনেকে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর দ্বারা হয়রানির শিকার হচ্ছেন—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ব্যাপারে জনগণের মাঝে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
প্রবাসীদের জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপÿউল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁদের অবদান বিবেচনায় নিলে তাঁদের প্রতি অবহেলা প্রদর্শনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, প্রবাসীকল্যাণ ব্যাংক ভালোভাবে কাজ করছে। এ ব্যাংক থেকে একজন বিদেশে চাকরিপ্রার্থী তাঁর বিমান ভাড়া ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য ঋণ নিতে পারেন।