রিক্রুটিং এজেন্সির প্রতারণা ঠেকাতে নতুন আইন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানির নামে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণা ঠেকাতে নতুন করে আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। গতকাল বুধবার ‘ভারত ও বাংলাদেশ সীমান্ত সহযোগিতা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিদেশে চাকরির আশায় সাধারণ মানুষ তাঁদের ঘরবাড়ি, জমি, গরু-ছাগল বিক্রি করে সর্বস্ব তুলে দেন রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের হাতে। আর এতে কিছু এজেন্সি তাঁদের জাল পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। ধরা পড়লে আসামি হন ওই সাধারণ ব্যক্তি। অথচ ওই জাল পাসপোর্ট বানানো এজেন্সি আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। এজেন্সিগুলো জল্লাদ-কসাইয়ের মতো আচরণ করলেও আমরা তাদের কিছুই করতে পারি না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে নতুন করে আইন প্রণয়ন করতে হবে।’যশোরের বেসরকারি সংস্থা রাইটস এই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি শরীফ আবদুর রাকিব। সংস্থার যশোর মিলনায়তনে কর্মশালায় অংশ নেওয়া ভারতের ছয় সদস্যের প্রতিনিধিদলের পক্ষে বক্তব্য দেন কলকাতার বেসরকারি সংস্থা সোশ্যাল লিগ্যাল এইড রিসার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মানবেন্দ্রনাথ মণ্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মহিবুল হক, পুলিশের এআইজি শাহ আলম, পুলিশ সুপার দিদার আহম্মেদ প্রমুখ। কর্মশালার মূল প্রবন্ধে রাইটসের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, কর্মশালার গৃহীত সুপারিশ ভুটানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে পাঠানো হবে। আইন প্রতিমন্ত্রীর যশোরে আগমন উপলক্ষে বিকেলে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করা হয়।